প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সিলেটে জলাবদ্ধতায় পানিবন্দি সাড়ে ৬ লাখ মানুষ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ জুন, ২০২৪

সিলেটে এখনো বিপদসীমার ওপর দিয়ে বইছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি। সীমান্তবর্তী কয়েকটি উপজেলায় পানি কিছুটা কমলেও নগরীতে প্রবেশ করেছে সুরমা নদীর পানি। জেলার ৮ উপজেলায় পানিবন্দি সাড়ে ৬ লাখ মানুষ। হবিগঞ্জে বাঁধ ভেঙে ডুবেছে বিস্তীর্ণ এলাকা।

ইতোমধ্যে নগরীর ৪ হাজার পরিবার বন্যা আক্রান্ত হয়েছে। তাদের জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন, শুক্রবার বৃষ্টি না হওয়ায় সিলেট অঞ্চলের প্রধান নদ-নদীর পানি স্থিতিশীল থাকতে পারে। রোববারের মধ্যে জেলার বন্যা পরিস্থিতিরও উন্নতি হতে পারে বলেও জানায় সংস্থাটির বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

 

জেলায় সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে জকিগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট উপজেলা। বিয়ানীবাজারের পাঁচটি, গোলাপগঞ্জের একটি এবং দক্ষিণ সুরমা উপজেলার ছয়টি ইউনিয়নের আংশিক প্লাবিত হয়েছে। আট উপজেলায় পানিবন্দি ছয় লাখ ৪৩ হাজার ৪৭০ জন। দুর্গত এলাকায় শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হচ্ছে।

 

নগরের তালতলা, মেন্দিবাগ, মাছিমপুর, তেররতন, যতরপুর, শাহজালাল উপশহরসহ বিভিন্ন এলাকা এবং সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় জলমগ্ন হয়ে পড়েছে। ডুবে গেছে সড়ক। বাসাবাড়িতে পানি ঢুকে ভোগান্তিতে পড়েছে বানভাসী মানুষ।

 

এদিকে, উজান থেকে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের বাহুবলে করাঙ্গী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। উপজেলা ভাদেশ্বর ইউনিয়নের নিজগাঁও গ্রামে দু’টি স্থানে বাঁধ ভেঙে গেছে। আর কয়েকটি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙ্গার আশঙ্কা রয়েছে। এ নিয়ে নদী তীরবর্তী লোকজনের উদ্বেগ-উৎকণ্ঠা রয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা