শেষ অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে আজ শনিবার ভারতের মুখোমুখী হবে বাংলাদেশ। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।
এর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচটি খেলতে পারেনি টাইগাররা। এর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ হারে বাংলাদেশ। তাই বিশ্বকাপের আগে নিজেদের হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে ভারতের সাথে এ ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে যুক্তরাষ্ট্রের কাছে দলের লজ্জাজনক হারের কারণে উদ্বিগ্ন নন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।
এদিকে, দলের সেরা তারকা বিরাট কোহলিকে ছাড়াই নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলবে ভারত। টুর্নামেন্টের আগে সতেজ থাকতে প্রস্তুতি ম্যাচে খেলবেন না কোহলি। প্রায় দুই মাসের আইপিএল শেষে বিশ্বকাপের মঞ্চে পা দিয়েছে ভারত। একমাত্র প্রস্তুতি ম্যাচ দিয়ে বিশ্বকাপের জন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে রোহিত শর্মার দল।
রবিবার (২রা জুন) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচ দিয়ে শুরু হবে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে হবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। একই দিন রাত সাড়ে ৮টায় দিনের দ্বিতীয় ম্যাচে গায়ানার প্রভিডেন্সে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও পাপুয়া নিউগিনি।