প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বহুল কাঙ্ক্ষিত ‘বেতনা এক্সপ্রেস’ এর যাত্রা শুরু হয়েছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ জুন, ২০২৪

 

আজ থেকে খুলনা-মোংলা রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। প্রকল্প পাসের প্রায় ১৪ বছর পর অবশেষে অপেক্ষার অবসান হলো দক্ষিণাঞ্চলবাসীর। ট্রেনের নাম দেওয়া হয়েছে ‘খুলনা বেতনা এক্সপ্রেস’। এই ট্রেন চলাচলের মধ্য দিয়ে প্রতিষ্ঠার দীর্ঘ ৭৩ বছর পর রেল যোগাযোগে যুক্ত হবে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা।

আজ শনিবার (১ জুন) সকাল ৯টা ১৫ মিনিটে বেনাপোল থেকে যাত্রী নিয়ে ‘মোংলা কমিউটার’ ট্রেন ছুটলো মোংলার পথে। নতুন এই রুটে বেনাপোল থেকে খুলনা হয়ে রূপসা রেলসেতুর ওপর দিয়ে মোংলার যাবে ট্রেনটি।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, খুলনা-মোংলা রেলপথ প্রকল্পটি নেওয়া হয় ২০১০ সালে। প্রকল্পটি তিনটি ভাগে বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্পের আওতায় মূল লাইনসহ রেলওয়ে ট্র্যাকের দৈর্ঘ্য ৮৬.৮৭ কিলোমিটার। তার মধ্যে ৬৪.৭৫ কিলোমিটার ব্রডগেজ রেলপথ। আর রূপসা নদীর ওপর নির্মাণ করা হয়েছে ৫.১৩ কিলোমিটার রেলসেতু। দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল।

দর্শনীয় স্থান ঘুরতে ও বাণিজ্যের কারণে অনেকে বেনাপোল রুট ব্যবহার করে থাকে। এই রুটে যাত্রীসেবা বাড়াতে ব্যবসায়ী ও পাসপোর্টধারীদের দাবির মুখে রেল কর্তৃপক্ষ বেনাপোল-খুলনা-মোংলা রুটে চালু করলো যাত্রীসেবা।

এ জন্য ৪ হাজার কোটি টাকা ব্যয় করে খুলনা থেকে মোংলা পর্যন্ত নতুন রেলপথ তৈরি করা হয়েছে। বেনাপোল থেকে মোংলা রেলপথে মাত্র ৮৫ টাকা ভাড়া নির্ধারণ হয়েছে। যেতে সময় লাগবে সাড়ে তিন ঘণ্টার মতন।

বেনাপোল থেকে ট্রেন ছাড়ার পর নাভারণ, ঝিকরগাছা, যশোর জংশন, রূপদিয়া, সিঙ্গিয়া, চেঙ্গুটিয়া, নওয়াপাড়া, বেজেরডাঙ্গা, ফুলতলা, আড়ংঘাটা, মোহাম্মদনগর, কাটাখালী, চুলকাটি বাজার, ভাগা, দিগরাজ হয়ে মোংলায় যাবে। তবে খুলনা থেকে মোংলা অংশে যাত্রাবিরতি থাকবে ফুলতলা, মোহাম্মদনগর, কাটাখালী ও চুলকাটি বাজার স্টেশনে। এই রুটে ডে অফ থাকবে প্রতি মঙ্গলবার।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা