দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ছোট ফরম্যাটের বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ২০টি দল। এর মধ্যে সরাসরি খেলছে ১২ দল। আর বাছাইপর্বের বাধা টপকে এসেছে ৮টি দেশ। আফ্রিকা অঞ্চলের নামিবিয়া ও উগান্ডা, এশিয়া অঞ্চলের নেপাল ও ওমান, ইউরোপের আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড, উত্তর আমেরিকা অঞ্চলের কানাডা এবং পূর্ব এশিয়া প্যাসিফিক অঞ্চলের পাপুয়া নিউগিনি। এই ৮ দেশ আইসিসির সহযোগী সদস্য। আরেক সহযোগী সদস্য দেশ যুক্তরাষ্ট্র স্বাগতিক হিসেবে সরাসরি খেলার সুযোগ পেয়েছে।
সব মিলিয়ে প্রথমবারের মতো ২০ দলের অংশগ্রহণে আয়োজিত হচ্ছে এই বিশ্বকাপের নবম আসর। তবে আইসিসির পূর্ণ সদস্য দেশ হয়েও বিশ্বকাপে সুযোগ পায়নি জিম্বাবুয়ে।
আসরে কঠিন গ্রুপে পড়েছে আয়ারল্যান্ড। গ্রুপ ‘এ’তে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সাথে আছে অপেক্ষাকৃত দুর্বল দল কানাডা ও আয়োজক যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে যেতে হলে কঠিন পথ পাড়ি দিতে হবে আইরিশদের। তাই গ্রুপ পর্বে ভারত ও পাকিস্তানকে হারানোই প্রাথমিক লক্ষ্য থাকবে আইরিশদের। এদিকে, স্বাগতিক যুক্তরাুষ্ট্র ঘরের মাঠে শক্তিশালী দল। তার প্রমাণ, নিজেদের মাঠে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতেছে তারা।
এদিকে, তরুণ ও অভিজ্ঞদের মিশেলে দারুণ একটি দল গঠন করেছে স্কটল্যান্ড। আইসিসির টি-টোয়েন্টি র্যাংকিংয়ে তাদের অবস্থান ১৩তম। বিশ্বকাপের বি গ্রুপে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া ও ওমান। সুপার এইটে জায়গা করে নিতে হলে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড এই দুই দলের বিপক্ষে অন্তত একটি জয় পেতে চায় স্কটিশরা।
এদিকে, গ্রুপ ‘সি’তে কঠিন পরীক্ষার মুখে উগান্ডা ও পাপুয়া নিউগিনি। বাছাই পর্বে জিম্বাবুয়েকে বিদায় করে প্রথমবারে মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়াগা করে নেয় উগান্ডা। গ্রুপ ‘সি’তে এই দুই দলের সাথে রয়েছে আফগানিস্তান, নিউজিল্যান্ড ও বিশ্বকাপের সহ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। ছোট দল হলেও এবারের আসরে চমক দেখাতে চায় উগান্ডা ও পাপুয়া নিউগিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ অফ ডেথ বলা হয়ে গ্রুপ ‘ডি’কে। এই গ্র“পে আইসিসির পূর্ণ সদস্য দল বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার পাশাপাশি সহযোগী সদস্য নেপাল ও নেদারল্যান্ডস রয়েছে। নেপাল ও নেদারল্যান্ডস টি-টোয়েন্টি ক্রিকেটে বেশ শক্তিশালী। তাই গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচই চ্যালেঞ্জিং। নেপাল সম্প্রতি বেশ ভালে ক্রিকেট খেলছে। অপেক্ষাকৃত দুর্বল দল নেদারল্যান্ডসও বিশ্বকাপে চমক দেখাতে চায় ।