এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনাস্থল কলকাতার সঞ্জীবা গার্ডেনের বিইউ ৫৬ ফ্ল্যাটের সেফটিক ট্যাংক থেকে, মরদেহের অংশবিশেষ উদ্ধার করে ঢাকায় ফিরছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনসহ ৩ কর্মকর্তা।
বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে ডিবি হারুন নিউটাউনের দ্য ওয়েস্টিন হোটেল থেকে বেরিয়ে সোজা চলে যান কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। এ সময় ডিবি হারুন সাংবাদিকদের জানান, এমপি আনার হত্যার অন্যতম দুজন আসামি নেপাল ও মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়েছে। পশ্চিমবঙ্গের সিআইডি ও কলকাতা পুলিশের সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে তাদের গ্রেপ্তারের আবেদন জানানো হয়েছে। পাশাপাশি উদ্ধারকৃত মাংসের দ্রুত ফরেন্সিক পরীক্ষা ও ডিএনএ টেস্টের রিপোর্ট পাঠানোর অনুরোধ জানিয়েছেন ভারতীয় প্রশাসনের কাছে।
তিনি আরও বলেন, প্রতিকূল আবহাওয়ার মধ্যে বিভিন্ন খাল ও জলাভূমি তল্লাশি অভিযান চালিয়েছেন সিআইডি, বিধান নগর কমিশনারেটের নিউ টাউন থানার পুলিশ ও কলকাতা পুলিশের এবং পশ্চিমবঙ্গ সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্টের ডুবুরি ও কর্মীরা।