তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বগুড়া সদর উপজেলায় সাধারণ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনি প্রতীক ভুল হওয়ায় এ পদের ভোট স্থগিত নির্বাচন কমিশন (ইসি)। তবে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান দুই পদে ভোটগ্রহণ চলছে। আজ বুধবার (২৯ মে) ইসির অতিরিক্ত সচিব ফরহাদ আহাম্মদ খান এ তথ্য জানিয়েছেন।
এ ঘটনায় ভোট শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ইসির এই অতিরিক্ত সচিব।
তৃতীয় ধাপে দেশের ৮৭টি উপজেলায় ভোটগ্রহণ চলছে। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ১৬ উপজেলায় এবং বাকিগুলোতে ব্যালটের মাধ্যমে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।