বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের কারণে বিভিন্ন জেলায় ৭ জন মারা গেছে। এরমধ্যে বরিশাল, চট্টগ্রাম ও ভোলা জেলায় ৫ জনের মৃত্যু হয়েছে। বরিশালের রূপাতলীতে দেয়াল চাপায় মারা গেছেন দুজন। সোমবার (২৭ মে) এসব তথ্য জানা গেছে বিভিন্ন সংবাদমাধ্যমে।
সকালে চট্টগ্রাম নগরীর দেয়াল চাপায় মারা যান সাইফুল ইসলাম হৃদয় নামের এক পথচারী। ঝড়ের সময় রাস্তায় দেয়ালের পাশে আশ্রয় নেন হৃদয়। এ সময় দেয়ালটি ভেঙে পড়লে চাপা পড়ে মারা যান তিনি।
ভোলায় বসতঘরে চাপা পড়ে মারা যান মনেজা খাতুন নামের এক নারী। স্থানীয়রা জানান, রাতে মনেজা খাতুন তার এক নাতিকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরে ঝড়ো বাতাসে তার টিনের ঘর ভেঙে চাপা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান মনেজা। তবে নাতি বেঁচে যান। এছাড়া, জেলার দৌলতখানে ঘর চাপা পড়ে মাইশা নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
এছাড়া, রোববার সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালি আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে শওকত মোড়ল নামে এক বৃদ্ধ মারা যান। এদিন বিকেলে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধূলাসর ইউনিয়নের কাউয়ারচর এলাকায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে প্লাবিত এলাকা থেকে বোনকে রক্ষা করতে গিয়ে মো. শরীফুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়।