আজ থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়েছে। অনলাইন ছাড়া শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবেন না। এবার আবেদন ফি ১৫০ টাকা। রোববার (২৫ মে) সকাল ৮টা থেকে অনলাইনে আবেদন করতে পারছেন শিক্ষার্থীরা।
ভর্তি নীতিমালা অনুযায়ী তিন ধাপে আবেদন নেওয়া হবে। ফল প্রকাশ, নিশ্চায়ন ও মাইগ্রেশনের পর শুরু হবে চূড়ান্ত ভর্তি। নির্বাচিত শিক্ষার্থীরা ১৫-২৫ জুলাই পর্যন্ত ভর্তি হতে পারবেন। এরপর ৩০ জুলাই সারাদেশে একযোগে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।
ভর্তি নীতিমালা অনুযায়ী, চলতি বছর অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে (িি.িীরপষধংংধফসরংংরড়হ.মড়া.নফ) একাদশ শ্রেণির ভর্তির আবেদনের কার্যক্রম চলবে।
একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবেন, সেগুলোর মধ্য থেকে তার মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটিমাত্র কলেজে ভর্তির অবস্থান নির্ধারণ করা হবে। নির্বাচিত শিক্ষার্থীকে ৩৩৫ টাকা দিয়ে প্রাথমিকভাবে ভর্তি নিশ্চিত করতে হবে। প্রাথমিক ভর্তি নিশ্চিত করার পর তিনি আরও দুই ধাপে মাইগ্রেশন করতে পারবেন। শিক্ষার্থীর পছন্দের কলেজ সিট ফাঁকা থাকা সাপেক্ষে অটো মাইগ্রেশন করা হবে।
এবারও তিন ধাপে আবেদন গ্রহণ করা হবে। এরমধ্যে প্রথম ধাপে আবেদন প্রক্রিয়া চলবে ২৫ মে থেকে ১১ জুন পর্যন্ত।