প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বঙ্গবাজারে ৪ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মে, ২০২৪

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) চারটি প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবাজার নগর পাইকারি বিপণিবিতান, পোস্তগোলা ব্রিজ থেকে রায়েরবাজার স্লুইস গেট পর্যন্ত, আট সারির বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মনি সরণি (ইনার সার্কুলার রিং রোড), ধানমণ্ডি লেকে নজরুল সরোবর এবং শাহবাগে হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যান আধুনিকীকরণ চার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

আজ শনিবার (২৫ মে) সকাল ১০টার দিকে বঙ্গবাজার থেকে এসব প্রকল্পের উদ্বোধন করা হয়।

১০ তলাবিশিষ্ট পাইকারি বিপণিবিতানে পাঁচটি সাধারণ সিঁড়ি, ছয়টি অগ্নি প্রস্থান সিঁড়িসহ পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া ভবনের ভূমিতলে ১৬৯টি গাড়ি ও ১০৯টি মোটরসাইকেল পার্কিংয়ের সুবিধা থাকবে।

পোস্তগোলা ব্রিজ থেকে রায়েরবাজার স্লুইস গেট পর্যন্ত নির্মাণকাজে ব্যয় করা হবে ৯৭৪ কোটি ৫৮ লাখ টাকা। এই প্রকল্পের আওতায় ১০ কিলোমিটার নর্দমা, তিনটি উড়াল সেতু, তিনটি পথচারী পারাপার সেতু, দুই কিলোমিটার সংরক্ষণকারী দেয়াল, তিনটি মসজিদ, ছয়টি যানবাহন বিরতির স্থান ও ছয়টি যাত্রীছাউনি নির্মাণ করা হবে।

নিজস্ব তহবিল থেকে প্রায় ৫১ কোটি টাকা ব্যয়ে ধানমণ্ডি লেকে নজরুল সরোবর নির্মাণ করছে ডিএসসিসি। ‘নজরুল সরোবর’ নামের উন্মুক্ত বিনোদন মঞ্চে একটি ঘাটলা, উন্মুক্ত মিলনায়তন, পথচারীদের হাঁটার পথ, গণপরিসর, রেস্তোরাঁ, বসার স্থান (বেঞ্চ), পর্যাপ্ত সবুজায়ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিময় মুহূর্ত ও সাহিত্যকর্ম সংবলিত ফলক স্থাপন করা হবে।

এছাড়া শাহবাগে হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যানের আধুনিকীকরণ কাজে প্রায় ৬০৪ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এখানে শিশু উদ্যানের আধুনিকায়নের কাজ করা হবে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা