প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দুর্নীতি এবং জনপ্রিয়তা দুই-ই ছিল এমপি আনারের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ মে, ২০২৪

ভারতে গিয়ে খুন হয়েছেন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। জনপ্রতিনিধি হিসেবে নিজ এলাকায় বেশ জনপ্রিয় ছিলেন তিনি। তাঁর হত্যার ঘটনায় এলাকায় চলতেছে শোকের মাতম।

খুনের খবর জানার পর পরিবার-পরিজনের বাইরে এলাকার নেতা-কর্মীদের বাইরে অনেক সাধারণ মানুষকে কাঁদতে দেখা গেছে।

এলাকায় আলোচনা আছে– অবৈধ কারবারের মাধ্যমে বিপুল অর্থবিত্তের মালিক বনে যান এমপি আনার। ১৯৯১ সালে ঝিনাইদহের আরেক চোরাকারবারি পরিতোষ ঠাকুরের সঙ্গে মিলে স্বর্ণ চোরাচালানে জড়িয়ে পড়েন। ১৯৯৬ সালে আওয়ামী লীগে যোগ দিয়ে কালীগঞ্জ পৌরসভার এক কাউন্সিলরের হাত ধরে অস্ত্র চোরাকারবারে জড়ান তিনি।

এক সময় দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের চরমপন্থিদের আনার নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ রয়েছে। সীমান্তপথে অস্ত্র ও বিস্ফোরক পাচারের হোতা হিসেবেও পুলিশের তালিকায় তাঁর নাম ছিল। আনারের বিরুদ্ধে অস্ত্র-বিস্ফোরক, মাদকদ্রব্য ও স্বর্ণ চোরাচালান, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এবং চরমপন্থিদের আশ্রয় দেওয়ার অভিযোগে মামলা রয়েছে।

এদিকে, ২০০৭ সালে চুয়াডাঙ্গার লোকনাথপুর এলাকা থেকে ১২ কেজি ৯৫০ গ্রাম স্বর্ণ জব্দ করে বিডিআর (বর্তমানে বিজিবি)। সিঅ্যান্ডএফ ব্যবসায়ী সাইফুল ইসলাম এই চালান ধরিয়ে দিয়েছেন বলে জানতে পারে চোরাকারবারিরা। এর পর হত্যা করা হয় তাঁকে। ওই মামলায় আনারসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। তবে ২০১২ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে রাজনৈতিক বিবেচনায় আনারসহ বেশ কয়েকজন মামলা থেকে অব্যাহতি পান। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে আনারের বিরুদ্ধে থাকা অন্য মামলাগুলো থেকেও তিনি অব্যাহতি পেতে শুরু করেন। এরপর ২০১৪ সালে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হওয়ার পর বেশির ভাগ মামলা থেকে নিজেকে মুক্ত করেন তিনি।

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা