ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনারকে বহনকারী গাড়িটি জব্দ করেছে কলকাতা পুলিশ। গাড়িটি পশ্চিমবঙ্গের নিউটাউন থানার সামনে রাখা হয়েছে। গাড়ির নম্বর- ডব্লিউবি ১৮এএ৫৪৭৩। আজ বৃহস্পতিবার (২৩ মে) এসব তথ্য জানিয়েছে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম।
সংবাদমাধ্যম জানায়, আনার নিখোঁজ হওয়ার দিন লাল রঙের এই গাড়িটি নিয়ে কলকাতার বিভিন্ন জায়গায় গিয়েছিলেন। তবে এ সময় তার সাথে কে কে ছিল তার খোঁজ পাওয়া যায় নি। এ ঘটনায় গাড়ির মালিককেও আটক করে নিউটাউন থানায় রাখা হয়েছে।
কলকাতা পুলিশ জানায়, রাতেই গুরুত্বপূর্ণ নানা নমুনা সংগ্রহ করে ফরেনসিক টিম। গাড়িতে একাধিক মানুষের ফিঙ্গারপ্রিন্ট মিলেছে। এছাড়া গাড়ির ভেতরের বেশকিছু ফটোগ্রাফিসহ আলামত সংগ্রহ করা হয়েছে। এসব আলামত থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে জানায় পুলিশ।
উল্লেখ্য, গত ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় যান আওয়ামী লীগ দলীয় এই সংসদ সদস্য। এরপর ১৬ মে থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। পরে ১৮ মে থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন সংসদ সদস্যের পরিচিত ভারতের বরানগরের বাসিন্দা গোপাল বিশ্বাস। এরপর আনোয়ারুল আজীম আনারের খোঁজে তল্লাশি শুরু করে কলকাতা পুলিশ। বুধবার কলকাতার একটি ফ্ল্যাটে তাকে হত্যার তথ্য জানায় ভারতীয় পুলিশ।