পুঁজিবাজার তালিকাভূক্ত আট প্রতিষ্ঠানকে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার দেওয়া হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এসব প্রতিষ্ঠানকে এ পুরস্কার দিয়েছে। ব্রোকার-ডিলার, মার্চেন্ট ব্যাংক ও সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি-এই তিন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সেরা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে।
বুধবার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তাদের হাতে পুরস্কারের ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিজয়ী প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন।
এ বছর সেরা ব্রোকার-ডিলার ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছে যথাক্রমে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ ও শান্তা সিকিউরিটিজ।
সেরা মার্চেন্ট ব্যাংক হিসেবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছে যথাক্রমে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট, ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস।
আর সেরা সম্পদ ব্যবস্থাপক হিসেবে প্রথম ও দ্বিতীয় পুরস্কার পেয়েছে যথাক্রমে একাশিয়া এসআরআইএম ও আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি।