ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম হত্যার ঘটনায় মূলহোতাসহ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (২২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী সিনেট অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, যে ফ্ল্যাটে এমপি আজীমকে হত্যা করা হয়েছে, কলকাতা পুলিশ সেখানে ঢুকেছিল, কিন্তু মরদেহ সেখানে পাওয়া যায়নি। তবে হত্যাকাণ্ডের মূলহোতাসহ কয়েকজনকে আটক করেছে ডিবি পুলিশ।
তিনি বলেন, কীভাবে এই হত্যাকাণ্ড ঘটানো এ ঘটনায় তদন্ত চলছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিস্তারিত জানানো হবে। আমরা কূটনৈতিক মিশনের মাধ্যমে খোঁজ রাখছি।
ড. হাছান মাহমুদ বলেন, আনোয়ারুল আজীমের হত্যাকাণ্ড নিঃসন্দেহে মর্মান্তিক ও বেদনাদায়ক। তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় পুলিশ। এই হত্যাকাণ্ডের কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।