আমদানি কমে যাওয়ায় আদার দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। দিনাজপুরের হিলিতে সপ্তাহের ব্যবধানে আমদানীকৃত আদার দাম কেজিতে ৮০ টাকা বেড়েছে। এক সপ্তাহ আগেও আমদানীকৃত প্রতি কেজি আদার দাম ছিল ২০০ টাকা। বর্তমানে তা বেড়ে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে।
বিক্রেতারা বলেন, বাজারে দেশী আদার সরবরাহ না থাকায় বেশ কিছুদিন ধরেই আমদানীকৃত ভারতীয় আদা দিয়েই ক্রেতাদের চাহিদা মেটানো হচ্ছে। কিন্তু স্থলবন্দরেই আমদানীকৃত ভারতীয় আদার দাম হঠাৎ বেড়ে গেছে। কারণ ডলারের বিনিময় হার বাড়ার কারণে স্থলবন্দরে আদার দাম ঊর্ধ্বমুখী।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা বলেন, বন্দর দিয়ে ভারত থেকে আদা আমদানি অব্যাহত থাকলেও আমদানির পরিমাণটা কিছুটা কমেছে। বন্দর দিয়ে গড়ে প্রতিদিন এক-দুই ট্রাক করে আদা আমদানি হচ্ছে বলে জানান তিনি।