ঘরোয়া ফুটবলে আজ ফেডারেশন কাপের ফাইনাল। মোহামেডানের শিরোপা ধরে রাখার মিশনে বসুন্ধরা কিংসের প্রথম ‘ট্রেবল’ জয়ের হাতছানি। ময়মনসিংহে ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডানে বিপক্ষে লড়বে বসুন্ধরা কিংস। স্বাধীনতা কাপ ও প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পর ফেডারেশন কাপও জিততে চায় অস্কার ব্রুজোনের শিষ্যরা। ময়মনসিংহ স্টেডিয়ামে আজ বুধবার (২২ মে) বিকাল তিনটায় শুরু হবে ‘হাইভোল্টেজ’ ফাইনাল ম্যাচটি।
অন্যদিকে, এই মৌসুমে দুই শিরোপা হাতছাড়া হলোও ফেডারেশন কাপ অক্ষুণ্ন রাখতে চায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে বেলা ৩টায়।
গত আসরে চিরপ্রতিদ্বন্দ্বি ঢাকা আবাহনীকে হারিয়ে ফেডারেশন কাপের শিরোপা জিতেছিলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। সেই শিরোপা ধরে রাখার লক্ষ্যেই আজ ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে বসুন্ধরা কিংসের বিপক্ষে মাঠে নামবে সাদা-কালো জার্সি ধারীরা। স্বাধীনতা কাপ ও প্রিমিয়ার লিগের শিরোপা হাতছাড়া হলেও ফেডারেশন কাপের শিরোপা ধরে রাখতে চায় আলফাজ আহমেদের শিষ্যরা। তাই গ্রুপ পর্ব এবং নক আউট পর্বের পারফরম্যান্সের ধারাবাহিকতা ফাইনালে ধরে রাখার লক্ষ্য খেলোয়াড়দের।
এবারের মৌসুমে স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনালে মোহামেডানকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় বসুন্ধরা কিংস। এরপর প্রিমিয়ার লিগ ফুটবলে তিন ম্যাচ হাতে রেখে টানা পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে শিরোপা উৎসব করে বসুন্ধরার ফুটবলাররা। কিংসদের এবারও লক্ষ্য শিরোপা জয়। এখন পর্যন্ত এক মৌসুমে একই সঙ্গে প্রিমিয়ার লিগ, ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপের শিরোপা জিততে পারেনি বসুন্ধরা কিংস। এরআগে এই রেকর্ডটি করেছে শেখ রাসেল ও মোহামেডান। এবার বসুন্ধরা কিংস সেই রেকর্ডে নাম লিখাতে চায়।
বসুন্ধরা কিংস অধিনায়ক রবসন রবিনহো বলেন, ‘আমরা অনেক শিরোপা জিতেছি, কিন্তু কখনো এক মৌসুমে তিনটি শিরোপা জিততে পারিনি। এবার সেই সুযোগ আছে। আমরা তা কাজে লাগাতে চাই। ফেডারেশন কাপের শিরোপা জিতে ট্রেবল জিততে চাই।’
এদিকে বসুন্ধরা কিংসের ফুটবলার রাকিব হোসেন বলেন, ‘মোহামেডান সব সময় কঠিন প্রতিপক্ষ। ওদেরকে হারানো কঠিন হলেও ফাইনালে কখনো তাদের কাছে হারিনি। এবারও হারব না বলেই আমি বিশ্বাস করি।’