ইতালির দক্ষিণাঞ্চলীয় নেপলসের আশপাশের এলাকায় ১৬০টিরও বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। সবচেয়ে শক্তিশালী ৪.৪ মাত্রার কম্পনটি পোজুলি শহরের কাছে স্থানীয় সময় রাত ৮টায় হয়। ইতালির ভূপদার্থবিদ্যা ও আগ্নেয়গিরির জাতীয় ইনস্টিটিউট আইএনজিভি বলেছে, এটি এ অঞ্চলে ৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। নেপলসের মেয়র গাইতানো মানফ্রেদি স্বীকার করেছেন, বাসিন্দারা ভীত হতে পারে। তবে কর্মকর্তারা নজর রাখছেন বলেও জানান তিনি।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ও রাতে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের পর পোজুলিতে শতাধিক তাঁবু তৈরি করা হয় এবং কিছু বাসিন্দা রাতের অধিকাংশ সময় রাস্তায় কাটায়। কেউ কেউ আবার অন্যত্র আত্মীয়দের কাছে চলে যায়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গত কয়েক মাসে যে নিম্নস্তরের ভূমিকম্প হয়েছে তার কারণে বেশ কয়েকটি পরিবার পুরোপুরি এলাকা ছেড়ে যাওযার কথা ভাবছে।
যদিও অবকাঠামোগত কোনো উল্লেখযোগ্য ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে নেপলসের কিছু স্কুল মঙ্গলবার পরিদর্শনের জন্য বন্ধ ছিল এবং পোজুলিতে নারীদের একটি কারাগার সতর্কতা হিসেবে খালি করা হয়।