ময়মনসিংহের ত্রিশালে পুঁতে রাখা গর্ত থেকে উদ্ধার হওয়া তিন মরদেহের পরিচয় মিলেছে। মরদেহ মা ও তার দুই সন্তানের বলে নিশ্চিত করেছে পুলিশ। মঙ্গলবার (২২ শে মে) উপজেলার কাকচর নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি পতিত জমিতে মরদেহ দেখতে পায় স্থানীয়রা। তাৎক্ষণিক তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় না মিললেও, রাতে নিহতদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ জানায়, ওই নারীর স্বামী তিনজনকে হত্যার পর মরদেহ পুঁতে রেখেছে বলে ধারণা করছেন তারা। নিহতরা হলেন, ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রামের আলী হোসেনের স্ত্রী আমেনা বেগম। তার দুই ছেলের আবু বক্কর ও আনাস। আমেনা বেগম সাখুয়া ইউনিয়নের বাবুপুর গ্রামের আবদুল খালেকের মেয়ে। গত ৬ বছর আগে আলী হোসেনের সঙ্গে বিয়ে হয়েছিল আমেনার।
ত্রিশাল থানার ওসি কামাল হোসেন জানান, এনজিও থেকে নেয়া ঋণের কিস্তির টাকা না দেওয়ায় স্ত্রী আমেনা বেগমকে কারখানায় চাকরি দেয়ার কথা বলে বাড়ি থেকে বের করে আনে আলী হোসেন। পরে আমেনা বেগম ও সন্তানদের হত্যার পর মরদেহ পতিত জমিতে পুঁতে রাখেন। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।