প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ মে, ২০২৪

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মাদ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (২০ মে) সোমবার ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার এর কাছে প্রেরিত এক শোক বার্তায় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ও পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্য সফরসঙ্গীদের মৃত্যুতে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন।

রাষ্ট্রপতি বলেন, বিভিন্ন সংকটে প্রেসিডেন্ট রাইসির দূরদর্শী পদক্ষেপ ও তাঁর সাহস আমাদের জন্য অনুপ্রেরণার মডেল হয়ে থাকবে। এদিকে, ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারকে লেখা এক চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের রাষ্ট্রপতি, পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্যদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রী চিঠিতে লিখেন, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি একজন বিচক্ষণ ও নিঃস্বার্থ নেতা ছিলেন। যিনি তার দেশের সেবা করেছিলেন এবং ইরানের জনগণের মঙ্গলের জন্য কাজ করেছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এবং ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণকে অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে সাহস ও ধৈর্য দান করার জন্য প্রার্থনা করেছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা