গত কয়েকদিন আগে পুরো দেশের ওপর দিয়েই মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। ঝড়-বৃষ্টি বেড়ে যাওয়ায় অনেক স্থান থেকেই দূর হয়েছে তাপপ্রবাহ। আগামী দুই দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। একই সঙ্গে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
একই সঙ্গে লঘুচাপটি ক্রমে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলেও মনে করছেন আবহাওয়াবিদরা। রাজশাহী, পাবনা, দিনাজপুর ও নীলফামারী জেলাসহ খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল মোংলায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত সব বিভাগেই কমবেশি বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি ৭১ মিলিমিটার বৃষ্টি হয়েছে সন্দ্বীপে। রংপুর ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির প্রবণতা কিছুটা বেশি ছিল।