গুরুতর আহত স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। সন্ধ্যায় তিন তাঁর শরীরে চালানো হয় অস্ত্রোপচার। স্থানীয় সময় বুধবার (১৫ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এসব তথ্য নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যম জানায়, রবার্ট ফিকোর অস্ত্রোপচার ‘ভালোভাবে’ সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে তিনি জীবন-হুমকির পরিস্থিতিতে নেই। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী রবার্ট ফিকো বেঁচে যাবেন বলেই প্রত্যাশা ডেপুটি প্রধানমন্ত্রীর।
বুধবার রাজধানী থেকে ১১২ মাইল দূরে হামলার শিকার হন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ফিকো। স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে তাকে লক্ষ্য করে পরপর ৫ রাউন্ড গুলি ছোড়া হয়। দ্রুত হেলিকপ্টারে তাকে হাসপাতালে নেয়া হয়। ঘটনাস্থল থেকেই আটক করা হয় হামলাকারীকে। ফিকোর ওপর হামলাকে দেশের গণতন্ত্রের ওপর আঘাত বলে আখ্যা দিয়েছেন স্লোভাক প্রেসিডেন্ট জুজানা কাপুতোভা।