ময়মনসিংহে গত ১৯ দিনে ১৮টি হত্যাকাণ্ড ঘটেছে। জানা গেছে এসব মৃত্যু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘটেছে। এ পরিস্থিতিতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানায়, এসব ঘটনায় তদন্ত চলছে। কোনো অপরাধীদের ছাড় দেয়া হচ্ছে না।
রাস্তা নিয়ে গফরগাঁওয়ের চর শাখচূড়া গ্রামের রাজীব হোসেনের সাথে দ্বন্দ্ব ছিল তার চাচাতো ভাইদের। এর জের ধরে গত ১৯শে এপ্রিল রাজীবকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা।
গত ২৩শে এপ্রিল রাতে তারাকান্দার মাঝিয়ালি বাজারে ইকবাল হোসেনের দোকানে সিগারেট কিনতে যান একই এলাকার আব্দুর রব। দশ টাকার ছেঁড়া নোট নিয়ে কথাকাটাকাটির জেরে দোকান মালিক ও তার ছেলেকে ছুরিকাঘাত করেন আব্দুর রব। ছেলে বাঁচলেও মারা যান বাবা।
এছাড়া, ১৬ই এপ্রিল থেকে চৌঠা মে পর্যন্ত সদর উপজেলায় একটি, ফুলবাড়িয়ায় ৫টি, ঈশ্বরগঞ্জে তিনটি, নান্দাইলে দুইটি, ভালুকায় তিনটি এবং তারাকান্দায় একটি হত্যাকাণ্ড ঘটে। হত্যা ও হত্যা পরবর্তী সহিংসতার কারণে আতঙ্কে এসব এলাকার মানুষ।
ময়মনসিংহ তারাকান্দা থানা ওসি ওয়াজেদ আলী, হত্যাকাণ্ডসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশ সচেষ্ট রয়েছে। মামলার পর হত্যায় জড়িত অনেককে গ্রেফতারও করা হয়েছে।
পারিবারিক সম্পর্ক দুর্বল হওয়া, নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে অপরাধ বাড়ছে বলে জানালেন ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ফারজানা ইয়াসমিন। সহিংসতা কমিয়ে আনতে সন্তানকে নৈতিক মূল্যবোধের শিক্ষা দেওয়ার তাগিদ দেন তিনি।