প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

তীব্র গরম উপেক্ষা করেই প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত: ১৫ মে, ২০২৪

দ্বিতীয় ধাপে আগামী ২১মে এবং তৃতীয় ধাপে ২৯শে মে ভোট হবে। তীব্র গরম উপেক্ষা করেই উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে হাটবাজার, অলিগলি। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট হবে ১৬০ উপজেলায়। আর তৃতীয় ধাপে ভোট হবে ১১২ উপজেলায়।

দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে নবগঠিত কক্সবাজারের ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনের ভোট। চলছে শেষ সময়ে প্রচারণা। পাড়া মহল্লা ঘুরে প্রার্থী ও তাদের সমর্থকরা ভোট চাইছেন।

নির্বাচনের দিন ঘনিয়ে আসায় প্রচারণা বেড়েছে বগুড়ার তিন উপজেলা দুপচাঁচিয়া, কাহালু ও আদমদিঘী উপজেলায়। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা গণসংযোগ চালাচ্ছেন। নানা প্রতিশ্র“তি দিচ্ছেন ভোটারদের।

লালমনিরহাটের আদিতমারী ও কালিগঞ্জ ও সদর উপজেলায় জমে উঠেছে প্রচারণা। প্রার্থী ও তাদের সমর্থকেরা দিনরাত চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ।

ঠাকুরগাঁও সদর ও রানীশংকৈল উপজেলায় প্রার্থীরা দিনরাত এক করে প্রচারণায় অংশ নিচ্ছেন। ভোটারদের কাছে দিচ্ছেন উন্নয়নের নানা বার্তা।

তৃতীয় ধাপে চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জে মোট ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়নের প্রতিশ্র“তি দিয়ে ভোট চাইছেন তারা।

এদিকে, নির্বাচন পরবর্তী সহিংসতায় গোপালগঞ্জে একজন নিহত হয়েছেন। সদর উপজেলার চন্দ্র দিঘলীয়ায় জয়ী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে মঙ্গলবার রাতে গুলিবিদ্ধ হয়ে একজন মারা যান। আহত হন আরও চারজন।

এছাড়া, ঝালকাঠিতে চেয়ারম্যান প্রার্থী সুলতান হোসেন খান গণসংযোগ চালানোর সময় হামলা হয়েছে। এতে প্রার্থীসহ ১০ জন আহত হন। তাদের অভিযোগ, প্রতিদ্বন্দ্বী প্রার্থী খান আরিফুর রহমানের সমর্থকরা এই হামলা চালিয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা