ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করেছে। বুধবার সকাল ৬টা থেকে শুরু হয়ে অবরোধ চলে দুপুর ১২টা পর্যন্ত।
১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে সকালে খাগড়াছড়ির পানছড়ি, জেলা সদর, দীঘিনালা, গুইমারার ব্যাইল্যাছড়ি, মানিকছড়ি, খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের কতুকছড়ি, রাঙামাটির সাজেক, ভেদভেদিসহ বিভিন্ন এলাকায় গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে বিক্ষোভকারীরা।
ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরণ চাকমা জানান, আদালতের মাধ্যমে চিটাগাং হিল ট্র্যাক্টস রেগুলেশন ১৯০০ বাতিলসহ রাজা-হেডম্যান-কার্বারি পদবি বিলোপ এবং পাহাড়িদের প্রথাগত অধিকার হরণের ষড়যন্ত্রের অভিযোগে এই অবরোধ কর্মসূচি পালন করছেন তাঁরা।
এর আগে সোমবার রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন স্থানে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচি থেকে অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।