মূল্যস্ফীতির চাপে থাকা নিম্নআয়ের মানুষকে স্বস্তি দিতে আগামী ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অনেক পণ্য ও সেবার ওপর বসছে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর বা ভ্যাট। মঙ্গলবার (১৪ মে) গণভবনে সংশ্লিষ্টদের সঙ্গে বাজেট বিষয়ক সভায় বিভিন্ন বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে এনবিআর চেয়ারম্যান, আয়কর, ভ্যাট ও কাস্টমস অনুবিভাগের বাজেট বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। এনবিআর চেয়ারম্যান ছাড়াও তিন অনুবিভাগের নীতি শাখার সদস্য, প্রথম সচিব, দ্বিতীয় সচিব ও বাজেট সমন্বয়কারী দলের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভাষায় যা স্ট্যান্ডার্ড ভ্যাট রেট। প্রতিষ্ঠানটির সব পণ্য ও সেবায় একই হারে ভ্যাট করার প্রস্তাবনা থাকলেও আপাতত ধাপে ধাপে তা প্রয়োগ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এর ফলে উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে বিক্রি পর্যন্ত প্রতিটি ধাপে ভ্যাটের হার হবে ১৫ শতাংশ (যেসব পণ্যের জন্য নির্ধারণ হবে)। যে কারণে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির আশংকা করছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, বৈঠকে অংশ নেওয়া নাম না প্রকাশ শর্তে এনবিআরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, সরকার ভ্যাটের স্ট্যান্ডার্ড রেট ১৫ শতাংশ কার্যকর করার দিকে এগোচ্ছে। তবে আগামী অর্থবছরেই সবক্ষেত্রে এর বাস্তবায়ন হবে না। বাস্তবায়ন হবে ধাপে ধাপে। অন্যদিকে উৎপাদনশীল খাত ও নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়া ভ্যাট অব্যাহতির ক্ষেত্র কমে যাবে আগামী বাজেটে।
বর্তমানে বিভিন্ন পণ্য ও সেবা ভেদে ২, ৩, ৫, সাড়ে ৭, ১০ ও ১৫ শতাংশ হারে ভ্যাট আদায় করে এনবিআর। অন্যদিকে ভ্যাটের অভিন্ন হারের মতো কয়েকটি খাতে ভ্যাট অব্যাহতিও ধাপে ধাপে প্রত্যাহারের পরিকল্পনা করা হচ্ছে।
বর্তমানে সংসদ সদস্যরা শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি করতে পারেন। বৈষম্য হ্রাসে বাজেটে এই সুবিধা বাতিলের পক্ষে সায় দিয়েছেন প্রধানমন্ত্রী।¿ী।
বর্তমান নিয়ম অনুযায়ী একজন যাত্রী ১১৭ গ্রাম সোনা আনতে পারেন। এক্ষেত্রে চার হাজার টাকা শুল্ক দিতে হয়। একজন যাত্রী যতবার খুশি ততবার এভাবে সোনা আনতে পারেন। এনবিআর প্রস্তাব দিয়েছিল, একজন যাত্রী যাতে বছরে একবার এই নিয়মের আওতায় সোনা আনতে পারেন। তবে প্রধানমন্ত্রী এতে ভেটো দিয়ে বলেন, একজন যাত্রী যদি বছরে একবারও সোনা আনেন, তাও যেন কর আদায় হয়। একাধিকবার আনলেও কর দিতে হবে।
শর্তসাপেক্ষে কর্পোরেট কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। যাতে সায় দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে ঢালাওভাবে সব খাতে নয়, আগের মতো উৎপাদনশীল খাতের সঙ্গে জড়িত পুঁজিবাজারে তালিকাবহির্ভূত শিল্পের কর কমানো হচ্ছে।
কৃষি উপকরণ ও সার আমদানিতে শুল্ক না বাড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। ফলে সার আমদানি ও কৃষি উপকরণ আমদানি ব্যয় বাড়ছে না বলে জানা গেছে।
মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি সত্ত্বেও আগামী অর্থবছরের বাজেটে ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়ের সীমা বাড়ছে না।