৪১৯ হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে প্রথম ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ৪১৯ হজযাত্রী। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান উপস্থিত থেকে হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করেন। আজ বৃহস্পতিবার (৯ই মে) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট যাত্রীদের নিয়ে ঢাকা ত্যাগ করেছে।
জানা গেছে, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৬ হাজার ৫২৭ জন হজযাত্রী পরিবহন করা হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৫০ শতাংশ হজযাত্রী পরিবহন করবে, যার সংখ্যা ৪৩ হাজার ৮৯৯ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রি-হজে মোট ১১৬টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে।
গতকাল বুধবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এবারের হজ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।