আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ১০৮ কোটি টাকার বেশি। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ১ হাজার ৯৫ কোটি ৬৪ লাখ টাকা।
মঙ্গলবার (৭ মে) ডিএসই এসব তথ্য জানিয়েছে।
আজ ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৩১টি কোম্পানির, বিপরীতে ২২২ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসই জানায়, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১ দশমিক ৭৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৭২৫ পয়েন্টে। এদিকে, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৬ দশমিক ৪৭ পয়েন্ট কমে ১ হাজার ২৫৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৬ দশমিক ৪৩ পয়েন্ট কমে ২ হাজার ৪০ পয়েন্টে অবস্থান করছে।