প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মিল্টনের আশ্রমের তত্বাবধায়নে শামসুল হক ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৬ মে, ২০২৪

নানা অনিয়ম অভিযোগে আটক কথিত মানবতার ফেরিওয়ালা বনে যাওয়া মিল্টন সমাদ্ধারের ‘চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমে থাকা ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে শামসুল হক ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠানকে।

এই ফাউন্ডেশন এখন থেকে মিল্টনের আশ্রমে থাকা বৃদ্ধ, অনাথ শিশু ও মানসিক ভারসাম্যহীন মানুষদের থাকা, খাওয়া ও চিকিৎসা সেবার দায়িত্ব পালন করবে।

সোমবার দুপুরে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, মিল্টন সমাদ্দার গ্রেফতার হয়েছেন। এসময়ে তার আশ্রমে থাকা বৃদ্ধ, অনাথ শিশু ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তি যারা আছেন তাদের শামসুল হক ফাউন্ডেশন থেকে সব ধরনের সেবা প্রদান করা হবে। শামসুল হক ফাউন্ডেশনের কর্ণধার রোববার ডিবি কার্যালয়ে এসেছিলেন। তাকে অনুরোধ করা হয়েছে মিল্টনের আশ্রমে থাকা ব্যক্তিদের খাওয়া-দাওয়া ও চিকিৎসা সেবা দেওয়ার। তিনি তাদের দায়িত্ব গ্রহণ করেছেন।

হারুন জানান, সেখানে সার্বক্ষণিক একজন চিকিৎসক থাকবেন। তিনি চিকিৎসা দেবেন। এতে যা খরচ হবে সেই খরচ শামসুল হক ফাউন্ডেশন থেকে ব্যয় করা হবে। তবে মিল্টনের আশ্রমেই ওই ব্যক্তিদের সেবা ও চিকিৎসা দেওয়া হবে বলে জানান তিনি।

মানবতার ফেরিওয়ালার মুখোশের আড়ালে প্রতারণার অভিযোগে গ্রেফতার ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার ভয়ংকর ‘সাইকোপ্যাথ’। নিজের বাবাকে পিটিয়ে এলাকা ছাড়া হয়ে ঢাকা শহরে এসে সে সাইকোপ্যাথে পরিণত হয়। (সাইকোপ্যাথি হলো এক ধরনের মানসিক অসুস্থতা। এটি একটি পার্সোনালিটি ডিজঅর্ডার)। ফলে ভয়ংকর সব অপকর্মে জড়িয়ে পড়ে সে। তার অপকর্মের অভিযোগগুলো সম্পর্কে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতোমধ্যে তার স্ত্রী মিতু হালদার ও নিয়োগ দেওয়া চিকিৎসককে ডিবিতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা