প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শাহরাস্তিতে সাংবাদিকদের সাথে দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় 

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২ মে, ২০২৪
আসন্ন শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী তোফায়েল আহমেদ ইরান প্রতীক বরাদ্দ পাওয়ার পর সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার (২ মে ) বিকেল সাড়ে ৪ টায় তিনি শাহরাস্তি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এ মতবিনিময় করেন। এতে সভাপতিত্ব করেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন।
মতবিনিময়কালে তোফায়েল আহমেদ ইরান বলেন, আমি ছাত্রজীবন থেকেই নেতা হওয়ার জন্য নয় বরং সাধারণ মানুষের সেবা করার জন্য কাজ করে যাচ্ছি। এলাকার মানুষের অনুরোধে আমি উপজেলা পরিষদ নির্বাচনে আবারও ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছি।  বাদবাকি আল্লাহর হাতে। এলাকার সন্মানিত ভোটাররা আমাকে যোগ্য মনে করলে সন্মান স্বরূপ ভোট প্রয়োগ করবেন। আমি এলাকার মানুষের কল্যানে সবসময় ছিলাম, আছি এবং থাকবো। দলমত নির্বিশেষে সকল শ্রেণির মানুষের সাথে ভাতৃত্বের যে বন্ধন গড়ে উঠেছে সেখানে দলের পরিচয় বড় কথা নয় আমরা সকলেই শাহরাস্তি উপজেলার মানুষ। আমরা সকলেই একটি পরিবারের মানুষ।
তিনি আরও বলেন, আবারও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে সন্ত্রাস, অনিয়ম, সালিসি সিন্ডিকেট ও দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার থেকে শান্তি প্রিয় উপজেলা গড়ে তুলতে চাই। এজন্য যুব সমাজ ও তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। আমি জনগণের ভালোবাসা নিয়ে জয়ী হয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়ন করতে চাই।
শাহরাস্তিতে সাংবাদিকদের সাথে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমুন নাহার স্বপ্নার মতবিনিময় 
আসন্ন শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমুন নাহার স্বপ্না প্রতীক বরাদ্দ পাওয়ার পর সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার (২ মে ) বিকেল সাড়ে ৫ টায় তিনি শাহরাস্তি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এ মতবিনিময় করেন। এতে সভাপতিত্ব করেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন।
জানা যায়, উপজেলার খিলা বাজার স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রভাষক, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরকি গ্রামের শাহাদাৎ হোসেনের স্ত্রী যুবলীগ নেত্রী নাজমুন নাহার স্বপ্না আসন্ন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে কলস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, ‘তরুণরাই গড়বে আগামীর স্মার্ট বাংলাদেশ’। এরই অংশ হিসেবে শাহরাস্তিকে একটি আধুনিক ও স্মার্ট উপজেলা হিসেবে গড়তে ভূমিকা রাখতে চাই। শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে ‘মহিলা ভাইস চেয়ারম্যান’ পদে আমি প্রার্থী হয়েছি। আমার প্রতীক কলস।
তিনি জানান, ভোটের মালিক জনগণ। তারাই তাদের ভোট প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করবেন আগামীর নেতৃত্ব।
তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান সময়ে সকল স্থানে শিক্ষিত তরুণরা মূল্যায়িত হচ্ছে। তরুণ নেতৃত্বই পাল্টে দিচ্ছে সমাজের অসঙ্গতি, আনছে আমূল পরিবর্তন। আমি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছি।
নির্বাচিত হলে তিনি, এ উপজেলার অবহেলিত নারীদের জন্য  আয়বর্ধক কর্মসূচি ও উন্নয়ন প্রকল্প গ্রহণ, গ্রামীণ অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে নারী উদ্যোক্তা সৃষ্টির জন্য ব্যাপক প্রশিক্ষণ ও প্রকল্প গ্রহন, প্রান্তিক জনগণ ও নারীদের ভাগ্য উন্নয়ন, সমাজের নিপীড়িত ও নির্যাতিত মানুষের অধিকার নিয়ে কাজ করবেন বলে জানান।
নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি এ উপজেলার অবহেলিত নারীদের ভাগ্য উন্নয়নে কাজ করতে চাই, এলাকার জনগণ পাশে থাকলে তা সফলতার সঙ্গে  করা সম্ভব।
সর্বোপরি জেন্ডার সমতা, সুষম উন্নয়ন ও ন্যায় বিচার প্রতিষ্টায় শাহরাস্তি-হাজীগঞ্জ এর গণমানুষের নেতা মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম মহোদয়ের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে এলাকার মানুষের সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা