প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ধানক্ষেত থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার 

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ২ মে, ২০২৪
যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের জোকা ঈদগাহ সংলগ্ন একটি ধান ক্ষেত থেকে অজ্ঞাত (৩৬) পরিচয়ের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের মাধ্যমে  খবর পেয়ে পুলিশ ধান ক্ষেতে পড়ে থাকা মৃতদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ক্ষেত মালিক আয়ুব হোসেন শ্রমিক নিয়ে ধান কাটার উদ্দেশে মাঠে যান। মাঠের এক প্রান্তে শ্রমিকরা ধান কাটার জন্য প্রস্তুতি নিতে থাকেন। এসময় জমির মালিক ধানক্ষেত পরিদর্শন করতে গিয়ে ক্ষেতের অপরপ্রান্তে ওই যুবকের মৃতদেহ পড়ে থাকতে  দেখতে পান। এসময় তার চিৎকারে এলাকার লোকজন এসে হাজির হয়। এরপর স্থানীয়রা ঝাঁপা পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। নিহত যুবকের বুকে ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের দাগ ও পরনের জামাতে  রক্তে দাগ রয়েছে।
এ খবর পেয়ে যশোর থেকে র‌্যাব, ডিবি ও পিবিআইসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মণিরামপুরের ঝাঁপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) সঞ্জিব কুমার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে  দুর্বৃত্তরা ওই যুবককে বাইরে থেকে হত্যা করার পর মৃতদেহ ওই ধানক্ষেতে ফেলে পালিয়ে গেছে।
নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। নিহতের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নতন্ত্রের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই সঞ্জিব কুমার।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা