সিরাজগঞ্জে হাতুড়ি পেটা করে চালককে আহতাবস্থায় ড্রেনের মধ্যে ফেলে দিয়ে অটোরিকশা নিয়ে পালানোর সময় ৩ ছিনতাইকারীকে শুক্রবার ভোরে গ্রেফতার করেছে টহল পুলিশ। অটোরিকশাচালক আহত সাইফুল ইসলাম (৬০) পৌর এলাকার চক কোবদাসপাড়া মহল্লার মৃত সুজাবত আলীর ছেলে। গ্রেফতারকৃতরা হলো-সদর উপজেলার ছাতিয়ানতলী গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ জিয়া (২২), মোঃ ফজল খানের ছেলে মহম্মদ সাইদুল ইসলাম (২১) ও মোহাম্মদ আব্দুল্লাহ ওরফে আব্দুল (১৭)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাত ১১ টার দিকে জেলা শহরের বাজার স্টেশন এলাকা থেকে অটোরিকশা চালক সাইফুলকে শিয়ালকোল যাওয়ার কথা বলে ১’শ টাকা ভাড়া ঠিক করে ছিনতাইকারীরা। এরপর অটোরিকশাটি নির্জন স্থানে পৌঁছলে চালক সাইফুলকে পিছন থেকে মাথায় হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করলে জ্ঞান হারিয়ে ফেলে সে। এসময় তাকে রাস্তার পাশের ড্রেনের মধ্যে ফেলে দিয়ে তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় ওই ৩ ছিনতাইকারী।
তারা ছিনতাইকরা অটোরিকশা নিয়ে শুক্রবার ভোররাতে জারিলা এলাকায় ঘোরাফেরার সময় তাদের গতিবিধি সন্দেহ হওয়ায় অটোরিকশাসহ টহল পুলিশ তাদের আটক করে। এরপর জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অনেক খোঁজাখুঁজি করেও চালক সাইফুলকে সেখানে পাওয়া যায়নি। তবে শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে সাইফুলকে চিকিৎসাধীন অবস্থায় পাওয়া যায়। এরপর তাকে জিজ্ঞাসাবাদে বিস্তারিত ঘটনা জানা যায়। এ ঘটনায় শুক্রবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।