প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রংপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ৩০৮টি পদ শূণ্য

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৪

রংপুর জেলার রংপুর সদর,কাউনিয়া,তারাগঞ্জ, বদরগঞ্জ,পীরগঞ্জ,মিঠাপুকুর, পীরগাছা ও গংগাচড়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০৮টি প্রধান শিক্ষকের পদ শূণ্য রয়েছে। এতে করে বিদ্যালয়গুলো ব্যহত হচ্ছে শিক্ষা কার্যক্রমসহ দাপ্তরিক নানা কাজ।

রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, জেলার আটটি উপজেলায় প্রধান শিক্ষক পদে মোট শূণ্য পদের সংখ্যা ৩০৮টি। এর মধ্যে রংপুর সদর উপজেলায় ২৪টি, কাউনিয়া উপজেলায় ৪৪টি, তারাগঞ্জ উপজেলায় ৫টি,বদরগঞ্জ উপজেলায় ৩৯টি, পীরগঞ্জ উপজেলায় ১৫টি, মিঠাপুকুর উপজেলায় ১০২টি, পীরগাছা উপজেলায় ৪৪টি ও গঙ্গাচড়া উপজেলায় ৩৫টি।

বিধি অনুযায়ী প্রধান শিক্ষক পদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্য আসনের ৩৫ শতাংশ সরাসরি নিয়োগ ও বাকি ৬৫ শতাংশ শূন্য পদে সহকারী শিক্ষকদের পদোন্নতি দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু নিয়োগে ও পদোন্নতিতে ধীরগতি কারণে তা বাস্তবায়ন হচ্ছে না।
সূত্র জানায়, গ্রেডেশন তালিকা অনুযায়ী সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়ার কাজ চলছে। এখন প্রধান শিক্ষকের পদটি দ্বিতীয় শ্রেণিতে উন্নীত। তাই সরাসরি নিয়োগ দেওয়ার বিষয়টি সরকারি কর্মকমিশনের (পিএসসি) হাতে।

রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষকরা প্রতিনিয়তই অবসরে যাচ্ছেন। সময়মতো এসব পদ পূরণ হচ্ছে না। ফলে দীর্ঘ সময় ধরে প্রধান শিক্ষকের পদগুলো ফাঁকা পরে আছে। এতে শিক্ষা কার্যক্রমসহ দাপ্তরিক কাজ ব্যহত হচ্ছে।

একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, একজন প্রধান শিক্ষককে অনেক দায়িত্ব পালন করতে হয়। ক্লাসের পাশাপাশি স্কুলের সার্বিক বিষয়ে সময় দিতে হয় এতে বিদ্যালয়ের পাঠদানে ব্যাহত হয়।
রংপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, অনাকাঙ্ক্ষিত মৃত্যু, বদলি, অবসরজনিত কারণসহ নানা কারণে প্রধান শিক্ষকের পদগুলো খালি হয়েছে। আমরা জেলার প্রধান শিক্ষকদের তালিকা তৈরি করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠিয়েছি। আশা করছি দ্রæত শূন্য পদে নিয়োগ দেওয়া হবে।##২০-০৪-২০২৪

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা