প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মুনাফালোভীদের কারণে অস্থির আলুর বাজার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৪
ঈদের পর অস্থির হয়ে উঠেছে আলুর বাজার। এক সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামের বাজারে আলুর দাম ৭ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে পাইকারিতে ৪০ থেকে ৪৩ টাকা কেজি দরে বিক্রি হয়েছে আলু। ঈদের ছুটির আগে পাইকারি ৩৫ টাকা কেজিদরে পণ্যটি বিক্রি করেছিলেন এই বাজারের ব্যবসায়ীরা।

এদিকে পাইকারিতে দাম বেড়ে যাওয়ায় খুচরায় আলুর দাম কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়ে ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতাদের অভিযোগ, কারসাজি করে বাজারে আলুর সংকট দেখিয়ে কেজিতে ১০ টাকা বাড়িয়ে বিক্রি করছেন বিক্রেতারা।

রিয়াজউদ্দিন বাজার আড়তদার কল্যাণ সমিতির সভাপতি রশীদ আহমেদ সওদাগর বলেন, এবার আলুর সরবরাহ কম, ফলন কম হয়েছে। তাই আমাদের বাড়তি দামে সংগ্রহ করতে হচ্ছে। আর তাতেই বাড়ছে দাম।

ঈদের ছুটির আগে পাইকারি বাজারে আলু ৩৫ টাকা কেজি এবং ঈদের ছুটির পর মঙ্গলবার প্রথমদিনেই ৪৩ টাকা কেজি দরে বিক্রি হয়েছে বলে জানান তিনি।

খুচরা বিক্রেতা নজরুল আলম বলেন, পাইকারী বাজার থেকে প্রতিকেজি আলু কিনতে খরচ হয়েছে ৪৩ থেকে ৪৫ টাকার মতো। তাছাড়া পাইকারি বাজারে আলুর সংকট থাকায় বাজারে নতুন করে দাম বেড়েছে।

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন বলেন, ঈদের ছুটিতে এমন বড় কোন বিপর্যয় হয়নি যে আলুর দাম ২৫ শতাংশের বেশি বেড়ে যাবে।

মূলত ব্যবসায়ীরা অধিক মুনাফার জন্যই যাচ্ছেতাই দাম রাখছেন। এটা তদারকিরও যেন কেউ নেই। প্রশাসনিক লোকজন সবাই শো-অফের চিন্তায় থাকেন, জনগণের দুর্ভোগ নিয়ে কেউ ভাবেন না।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা