প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঈদের ছুটিতে বিএসএমইউতে ছুটে এলেন উপাচার্য

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৪

পবিত্র ঈদুল ফিতরের ছুটি চলমান থাকলেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক। এসময় তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের চিকিৎসা সেবাসহ নানা বিষয়ে সার্বিক খোঁজখবর নেন। একইসঙ্গে উপাচার্য ঈদের ছুটিতে হাসপাতালের ইনডোর, সাধারণ জরুরি বিভাগসহ বিভিন্ন জরুরি বিভাগসমূহ, হাসপাতালের জরুরি ল্যাব কার্যক্রম সেবাও চালু রাখায় সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স, ল্যাব টেকনিশিয়ানদেরও ধন্যবাদ জানান।

শনিবার (১৩ এপ্রিল) বিএসএমএমইউ উপাচার্য অত্র বিশ্ববিদ্যালয় হাসপাতালের বিভিন্ন ব্লক ও ওয়ার্ডের চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন এবং রোগী-চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

জানা গেছে, হাসপাতাল পরিদর্শনের সময় চিকিৎসার খোঁজখবরের পাশাপাশি রোগী, শিক্ষক, চিকিৎসক, ছাত্রছাত্রী, কর্মকর্তা, নার্স, কর্মচারীদের বাংলা নববর্ষেরও (১৪৩১ বঙ্গাব্দ) শুভেচ্ছা জানান অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক।

পরিদর্শনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলটেশন বিভাগের অধ্যাপক ডা. একেএম সালেক, অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, অধ্যাপক ডা. মো. আলী ইমরান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমান, পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আব্দুল্লাহ আল হারুন, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. বশির আহমেদ জয়, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোঃ আশরাফুজ্জামান সজীবসহ অনেকে।

প্রসঙ্গত, এর আগে গত ৯ এপ্রিল (বুধবার) পবিত্র ঈদুল ফিতরের ছুটির দিনগুলোতে যাতে চিকিৎসা ব্যবস্থার কোনো ঘাটতি না হয় সে জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা