বান্দরবানের রুমায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফের আস্তানা ঘিরে রেখেছে যৌথবাহিনী। বান্দরবানের রুমা উপজেলার দুর্গম লাইরুনটি পাড়া ও ইডেনপাড়ায় আস্তানাটি অবস্থিত। ক্ষয়ক্ষতি এড়াতে শতাধিক স্থানীয় বাসিন্দাকে সরিয়ে উপজেলা সদরে নিয়ে আসা হয়েছে।
এ বিষয়ে রুমা থানার ওসি মোহাম্মদ শাজাহান বলেন, আমরা এই বিষয়ে কাজ করছি, পরে বিস্তারিত জানানো হবে।
রুমার মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শোয়ে প্রু চিং বলেন, বৃহস্পতিবার সকাল থেকেই ওয়েলফেয়ার ভবনের সামনে বম সম্প্রদায়ের নারী ও শিশুদের জড়ো করা হয়েছে বলে জেনেছি। তিনি আরও বলেন, নিরাপত্তার স্বার্থে এসব নারী-শিশুকে আমাদের ওয়েলফেয়ার ভবনের সামনে জড়ো করা হতে পারে।
প্রসঙ্গত, গত ২ এপ্রিল রাত ৮টার দিকে রুমা উপজেলায় সশস্ত্র হামলা চালায় কেএনএফ। তারা সোনালী ব্যাংকে হামলা করে ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে। লুট করে পুলিশ ও আনসার সদস্যদের ১৪টি অস্ত্র। ৩ এপ্রিল থানচি উপজেলায় স্থানীয়দের জিম্মি করার পাশাপাশি দুটি ব্যাংকে লুটতরাজ চালানো হয়। এসব ঘটনার পরেই কেএনএফ দমনে অভিযানে নামে যৌথবাহিনী।