সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের ব্যক্তিগত সহকারী (এপিএস) ও উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জ্বলের নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দাখিল করা সম্পদ বিবরণীতে তথ্য গোপন করার অভিযোগে তার স্ত্রী মোরশেদা মরিয়মের নামে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশন পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক খায়রুল হক বাদী হয়ে বুধবার মামলা দুইটি দায়ের করেন। বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন উপ-পরিচালক মোঃ খায়রুল হক।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মীর আরিফুল ইসলাম উজ্জ্বলের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হওয়ায় দুদক প্রধান কার্যালয় থেকে তাকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়।
গত ১৭ মে তিনি পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালকের কাছে সম্পদের বিবরণী দাখিল করেন। সম্পদ বিবরণীতে মোট ১৮ লাখ ১০ হাজার টাকা মূল্যের স্থাবর এবং ১ কোটি ৪৮ লাখ ১৯ হাজার ৭৭৬ টাকা মূল্যের অস্থাবর সম্পদের তথ্য দেন। যাচাই-বাছাই করে দেখা যায় তিনি দাখিলকৃত সম্পদ বিবরণীতে ২ লাখ ৪৯ হাজার ১৮৩ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেছেন।
এছাড়াও মীর আরিফুল ইসলাম উজ্জ্বল ৪৫ লাখ ৮৩ হাজার ৮৯৫ টাকা মূল্যের জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন পূর্বক ভোগ দখলে রেখেছেন। যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায় শাস্তি যোগ্য অপরাধ করায় তার নামে মামলা করা হয়েছে।
এদিকে তার স্ত্রী মোরশেদা মরিয়ম একজন গৃহিণী কিন্তু তার নিজস্ব কোনো আয় নেই। তার স্বামী মীর আরিফুল ইসলাম উজ্জ্বল ২০১৯ সালের ২৭ জানুয়ারি সিরাজগঞ্জ-৪ আসনের (সাবেক) এমপি তানভীর ইমামের ব্যক্তিগত সহকারী কাম-কম্পিউটার অপারেটর হিসেবে যোগদান করার পর থেকেই তিনি তার স্ত্রীর নামে অধিকাংশ সম্পদ অর্জন করেছেন। কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে মোরশেদা মরিয়ম ১২ লাখ ৯৭ হাজার ১৯০ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেছেন এবং ১ কোটি ৩৯ লাখ ৫৩ হাজার ২৭৮ টাকা মূল্যের জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করে দখলে রেখেছেন।
তার স্বামী উক্ত জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনে প্রত্যক্ষভাবে সহায়তা করার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা এবং দন্ডবিধির ১০৯ ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।