প্রধানমন্ত্রীর গাড়ীবহরে হামলা মামলার সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি ইয়াছিন আলীকে (৫৭) আটক করেছে র্যাব। মঙ্গলবার (২৬ মার্চ) রাতে যশোর শহরের বেজপাড়া এলাকার শানতলা মোড় থেকে তাকে আটক করা হয়। আটক ইয়াছিন আলী (৫৭) সাতক্ষীরা জেলার কলারোয়া থানার তুলশীডাঙ্গা গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।
আজ বুধবার (২৭মার্চ) যশোর র্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টার দিকে ইয়াছিন আলীকে যশোর শহরের বেজপাড়া এলাকার শানতলা মোড় থেকে আটক করে।আটককৃত আসামির বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি, হত্যাচেষ্টা একটি ও মাদক আইনে একটি মামলা বিচারাধীন রয়েছে।
পরবর্তীতে আটক আসামিকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা জেলার কলারোয়া থানা এলাকায় পৌঁছালে কতিপয় সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র, হাত বোমাসহ তার গাড়িবহরে হামলা চালায়। এই হামলার ঘটনায় সাতক্ষীরার কলারোয়া থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনসহ অন্যান্য আইনে পৃথক তিনটি মামলা রুজু হয়। মামলাগুলোর বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় গত ১৮ এপ্রিল, ২০২৩ তারিখ সাতক্ষীরার স্পেশাল ট্রাইবুনাল-৩ এর বিজ্ঞ আদালত উক্ত হামলার সাথে জড়িত আসামিদের দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।আসামি ইয়াছিন আলী উক্ত হামলার পরিকল্পনাকারী এবং অস্ত্রসহ হামলাকারীদের মধ্যে অন্যতম। সে তার সহযোগীদের নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ি বহরের উপর হামলা চালায়। ফলে অনেক নেতাকর্মী গুরুতর আহত হয় এবং বেশ কয়েকটি সরকারি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে মামলার ঘটনায় তিনটি মামলার মধ্যে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের দুইটি মামলার ৪৮ জন আসামির মধ্যে আসামি ইয়াছিন আলীসহ মোট ৪৪ জনকে সাত বছর মেয়াদে সাজা প্রদান করা হয়। আসামি ইয়াছিন আলী আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবৎ পালিয়ে বেড়াচ্ছিলো। র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল আত্মগোপনে থাকা কুখ্যাত সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে। পরবর্তীতে র্যাবের তথ্য প্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুখ্যাত সন্ত্রাসী ইয়াছিনের অবস্থান নিশ্চিত করে। আটককৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে গ্রেফতার এড়ানোর জন্য আইনশৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে নিজ এলাকা সাতক্ষীরা থেকে পালিয়ে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন বেজপাড়া এলাকায় ভাড়া বাসায় আত্মগোপনে থাকতো এবং দুইটি রিক্সা ক্রয় করে, সেই রিক্সা ভাড়া প্রদান করে জীবিকা নির্বাহ করতো।