প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

খালি গায়ে মেম্বারের ইয়াবা সেবনের ছবি ভাইরাল 

লক্ষ্মীপুর প্রতিনিধি 
প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৪
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) ওমর ফারুক মুন্সির ইয়াবার সেবনের ছবি ফেসবুকে ছড়িয়ে (ভাইরাল) পড়েছে। সোমবার (২৫ মার্চ) রাতে কয়েকটি ছবি প্রতিবেদকের হাতে এসেছে। এতে দেখা যায় খালি গায়ে তিনি ইয়াবা সেবন করছে।
এদিকে মাদকসহ বিভিন্ন বিতর্কিত কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকায় গত ২৫ ফেব্রুয়ারি ফারুককে তার স্ত্রী তালাক দিয়ে চলে গেছে বলে জানা যায়।
ফারুক চরমার্টিন ইউনিয়ন পরিষদের ৪ নাম্বার ওয়ার্ডের সদস্য। তিনি স্থানীয় মুন্সিগঞ্জ বাজার কমিটি ও মুন্সিগঞ্জ বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
ভাইরাল ছবিগুলোতে দেখা যায়, শর্ট প্যান্ট পড়ে খালি গায়ে চেয়ারে বসে ফারুক ইয়াবা সেবন করছে। তার সামনে থাকা টেবিলে লাল রঙের দিয়াশলাই, সিগারেট,   ফুয়েল পেপার, বোতলের লাল ও সবুজ রঙের কর্ক।
ইউপি সদস্য ওমর ফারুক মুন্সি বলেন, আমি ইউপি সদস্য হয়েছি। সম্প্রতি মুন্সিগঞ্জ বাজার পরিচালনা কমিটি ও মুন্সিগঞ্জ বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হয়েছি। এতে একটি চক্র আমার প্রতিপক্ষ হয়ে উঠেছে৷ তারাই সুপার এডিট করে ইয়াবা সেবনের ছবিটি ছড়িয়ে দিয়েছে। এ ছবি আমার নয়। আমার দৈহিক গঠনের সঙ্গে ছবির মিল নেই।
ফারুকের স্ত্রী কাকন আক্তার সাংবাদিকদের বলেন, ফারুকের সঙ্গে এখন আমার কোন সম্পর্ক নেই। বিতর্কিত কয়েকটি ঘটনার কারণে আমি তার ওপর বিরক্ত। তাকে নিয়ে কোন কথা বলতে চাচ্ছি না।
চরমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউছুফ আলী মিয়া বলেন, ফারুক আগে মাদক সেবন করতো বলে শুনিনি। মাদকের সঙ্গে জড়িয়েছে কি না তাও জানা নেই। ইয়াবা সেবনের ছবি ভাইরালের ঘটনা শুনেছি। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, ফারুকের কাছে অবৈধ কোন কিছু পেলে আমাদের ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল। ইয়াবা সেবনের ছবি ভাইরাল নিয়ে আমাদের কোন কিছু করার সুযোগ নেই। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ, উপজেলা চেয়ারম্যান ও ইউএনও ব্যবস্থা নিতে পারে।
এ ব্যাপারে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাসের দাপ্তরিক মোবাইলফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। খুদে বার্তা পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি।
তবে ইউএনও স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, ইউপি সদস্য ফারুকের ইয়াবা সেবনের ছবি তিনি দেখেননি। খোঁজ নিয়ে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
বক্তব্য জানতে কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পীর মোবাইলফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা