সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আজুগড়া বেড়িবাঁধ এলাকার যমুনার শাখা নদী থেকে অবৈধভাবে রাতের আধারে একটি প্রভাবশালীর ছত্রছায়ায় মাটি কেটে নেয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগ প্রকাশ, স্থানীয় প্রভাবশালী গং নেতৃত্বে অবৈধভাবে ক্ষমতার দাপটে মাটি কেটে নিচ্ছে এবং মাটি বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া হচ্ছে। এ মাটি কাটায় গত বছর যমুনার ঘুর্নাবর্তে বেড়ী বাঁধে ধ্বস নেমেছিল। অথচ সরকার কোটি কোটি টাকা ব্যয়ে বেড়িবাঁধটি সংস্কার করছে। স্থানীয়রা বলছেন, একদিকে সংস্কার অন্যদিকে মাটি কেটে নিচ্ছে প্রভাবশালীরা।
এ মাটি কেটে নিলেও কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। অবিলম্বে এ অবৈধ মাটি কাটা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। উপজেলা প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলছেন, বেরিবাঁধ এলাকায় অভিযান চালিয়ে মাটি কাটা বন্ধ করা হয়েছিল। এ কারনে সময় চেঞ্জ করে হয়তো রাতের আধারে এখন মাটি কাটা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।