চট্টগ্রামের চন্দনাইশে চলন্ত সিএনজিচালিত অটোরিক্সায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এ সময় দগ্ধ হয়ে চালকের মৃত্যু হয়। তবে ওই অটোরিকশায় কোনো যাত্রী ছিলেন না বলে জানা গেছে।
অটোরিক্সা চালক মো. আবদুস সবুরের বাড়ি সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা এলাকার ইছামতি আলীনগরে। ওই এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে তিনি। সোমবার (২৫ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।
এক প্রত্যক্ষদর্শী বলেন, ওই সিএনজির পেছনে আমি ছিলাম। হঠাৎ করে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দাউ দাউ করে আগুন জ্বলছিল। সেই আগুনে চালক পুড়ে ছাই হয়ে যায়।
চন্দনাইশ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রুহুল আমীন বলেন, খবর পেয়ে একটি ইউনিট সেখানে যায়। তবে ইউনিট পৌছাবার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে চালক পুড়ে অঙ্গার হয়ে গেছে।