যশোরের শীর্ষ সন্ত্রাসী অস্ত্র, মাদক, দ্রুতবিচার সহ ১৪টি মামলার আসামি শেখ অনিক ওরফে কালা অনিককে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন,এক রাউন্ড গুলি ও ৫০পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে যশোর জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশ। একই সাথে অনিকের দুই সহযোগী আশরাফুল ইসলাম আশা ও হুমায়ুন কবিরকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে ডিবি পুলিশ।
আটক শীর্ষ সন্ত্রাসী শেখ অনিক ওরফে কালা অনিক(২৮) যশোর শহরের বকচর হুশতলা এলাকার শেখ রেজাউলের ছেলে। এছাড়াও আশরাফুল ইসলাম আশা (৪৫) যশোর শহরের পুলিশ লাইন টালিখোলা মসজিদপাড়ার মৃত- আব্দুল কাদেরের ছেলে ও হুমায়ুন কবির (৪৮) অভয়নগর উপজেলার গোয়াখোলা গ্রামের আবুল কাশেমের ছেলে। গতকাল মঙ্গলবার (১৯ মার্চ) রাত সোয়া আটটার দিকে শহরের শংকরপুর ব্যাংক কলোনীপাড়া এলাকার দিদারের বাড়ির সামনে থেকে অনিক সহ তার দুই সহযোগী কে আটক করা হয়।
আজ বুধবার যশোর জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে জেলা ডিবি পুলিশের এসআই শাহীনুর রহমান এর নেতৃত্বে একটি টিম গতকাল মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের শংকরপুর ব্যাংক কলোনীপাড়া এলাকার দিদারের বাড়ির সামনে ইটের সলিং রাস্তার উপর হতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী শেখ অনিক ওরফে কালা অনিক কে একটি বিদেশি পিস্তল,একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি সহ আটক করে। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ডিবি পুলিশ। একই সাথে সন্ত্রাসী শেখ অনিক ওরফে কালা অনিকের দুই সহযোগী আশা ও হুমায়ুন কবির মনা কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে ডিবি। আটক হুমায়ুন কবিরের বিরুদ্ধে ৪টি মাদক মামলা রয়েছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র মামলা দিয়ে কোতয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।##