প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মিরসরাইতে রমজানে ১ টাকা লাভে চাউল বিক্রি করছেন সাইফুল

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২ মার্চ, ২০২৪

চট্টগ্রামের মিরসরাইয়ে রমজান উপলক্ষে ক্রয়কৃত পণ্য ১ টাকা লাভে বিক্রি করছেন এক ব্যবসায়ী। জানা গেছে, এমন আয়োজন চলবে পুরো রমজান মাস জুড়ে। উপজেলার করেরহাট বাজারের উত্তরা ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মো: সাইফুল ইসলাম রমজান মাসে ক্রয়মূল্য থেকে অতিরিক্ত ১ টাকা লাভে বিক্রি করেন প্রতি কেজি চাউল। এটি রমজান উপলক্ষে দরিদ্রসহ সকল মানুষের জন্য তার বিশেষ আয়োজন।

দেখা গেছে, এই ব্যবসায়ী ক্রয় মূল্যের চাইতে ১ টাকা লাভে প্রতি কেজি মামুন গুটি স্টার চাউল ৪৫ টাকা, পাইজাম চাউল প্রতি কেজি ৫০ টাকা, ২৯ জিরাশাইল প্রতি কেজি ৫৫ টাকা, একাত্তর মনিকেট প্রতি কেজি ৬৫ টাকা, একাত্তর কাটারী সিদ্ধ প্রতি কেজি ৭০ টাকা, এসিআই কাটারী আতপ প্রতি কেজি ৭৫ টাকা, সোনারচাবি চিনিগুড়া প্রতি কেজি ৯০ টাকা ও এসিআইন চিনিগুড়া প্যকেট প্রতি কেজি ১৩০ টাকায় বিক্রি করা হচ্ছে।

করেরহাট এলাকার বাসিন্দা নুরুল আলম বলেন, ‘রমজান উপলক্ষে সাইফুল এমন মহতি উদ্যোগ নিয়েছেন। তার উদ্যোগকে আমরা সবাই স্বাগত জানিয়েছি। এখন আমার মতো অনেকে তার দোকান থেকে চাউল ক্রয় করে।’

শাহ আলম নামে আরেকজন বলেন, ‘সাইফুল ১ টাকা লাভে বিক্রির বিষয়টি সবদিকে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে গরিব লোকজন তার দোকানে চলে আসে। যে সময়ে বিভিন্ন স্থানে জিনিসের দাম ডাবল, সেখানে সাইফুল এক টাকা লাভে চাউল বিক্রি করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।’

ব্যবসায়ী মো: সাইফুল ইসলাম বলেন, ‘আমি অনেক বছর ধরে ব্যবসা করি। এবার চিন্তা করলাম এলাকার মেহনতি মানুষের জন্য কিছু করি। ওই করতে গিয়ে উদ্যোগ নিলাম রমজান উপলক্ষে আমি ১ টাকা লাভে চাউল বিক্রি করব। মানুষ চাউল ক্রয় করে উপকৃত হচ্ছেন।’

তিনি আরো বলেন, ‘আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। আশা করি, যারা শহর ও গ্রামে বড় ব্যবসায়ী আছেন, তারাও যেন রমজান উপলক্ষে ১ টাকা লাভে পণ্য বিক্রি করেন। তাহলে গরিব দু:খী মানুষ এই রমজানে তৃপ্তি মতো খেতে পারবেন।’

করেরহাট বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি আব্দুর রহিম বলেন, ‘সাইফুল যে উদ্যোগ নিয়েছেন এটি বিরল। শুধুমাত্র কয়েকটি আরব দেশের কথা শুনেছি মুনাফা ছাড়া রমজানে পণ্য বিক্রি করেন। আমার মনে হয়, তার এই ধরনের উদ্যোগ দেশের সব মানুষের কাছে উদাহরণ। সাধারণ মানুষের কষ্ট লাগবে মুনাফা কমিয়ে বড় ব্যবসায়ীদের এগিয়ে আসা উচিত।’

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা