প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কুমিল্লায় প্রথম নারী মেয়র সূচনা, ময়মনসিংহে টিটুতেই আস্থা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ মার্চ, ২০২৪

ময়মনসিংহে ইকরামুল হক টিটুতেই আস্থা রেখেছেন নগরবাসী। অনদিকে কুমিল্লায় প্রথম নারী মেয়র নির্বাচিত হয়েছেন এমপি বাহারের মেয়ে তাহসিনা বাহার সূচনা।

কুমিল্লায় ডা. তাহসীন বাহার সূচনা

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) প্রথম নারী মেয়র নির্বাচিত হয়েছেন ডা. তাহসীন বাহার সূচনা। শনিবার (৯ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মেয়র পদে উপনির্বাচনের ফলাফল ঘোষণা শেষে তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

কুমিল্লা জিলা স্কুল অডিটোরিয়ামে উপনির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন।

ঘোষিত ফলাফলে জানা গেছে, মেয়র পদে উপনির্বাচনে ১০৫টি কেন্দ্রের ফলাফলে ডা. তাহসীন বাহার সূচনা বাস প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট। এছাড়াও ঘোড়া প্রতীকের নিজাম উদ্দীন কায়সার ১৩ হাজার ১৫৫ ভোট এবং হাতি প্রতীকের নূর উর রহমান মাহমুদ তানিম পেয়েছেন ৫ হাজার ১৭৩ ভোট।

ডা. তাহসীন বাহার সূচনা কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে এবং  কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি প্রথমবারের মতো সিটি নির্বাচনে প্রার্থী হন।

২০১২ সালে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আফজল খানকে হারিয়ে মেয়র নির্বাচিত হন বিএনপি সমর্থিত মনিরুল হক সাক্কু। এরপর ২০১৭ সালের নির্বাচনেও দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন সাক্কু।

২০২২ সালের ১৫ জুন কুমিল্লা সিটি কর্পোরেশনের তৃতীয় নির্বাচনে মেয়র সাক্কুকে হারিয়ে আওয়ামী লীগ মনোনীত আরফানুল হক রিফাত মেয়র নির্বাচিত হন। গত বছরের ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেয়র আরফানুল হক রিফাত। এতে মেয়র পদটি শূন্য ঘোষণা করা হয়। কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে ভোটগ্রহণের তারিখ ৯ মার্চ নির্ধারণ করে নির্বাচন কমিশন।

কুমিল্লা সিটিতে মোট ভোটার ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ২৪ হাজার ২৭৮, পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ১৮২ জন এবং ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। সিটির ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে এসব ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ময়মনুসংহে টিটু

ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে আবারও ইকরামুল হক টিটুর ওপরই আস্থা রাখলেন নগরবাসী। বিগত দিনের কাজের মূল্যায়ন করে নগরবাসী তাদের সেবা এবং নগরীকে পরিকল্পিতভাবে গড়ে তোলার জন্য মেয়র হিসেবে বিপুল ভোটের ব্যবধানে আবারও তাকে নির্বাচিত করেছেন। টেবিল ঘড়ি প্রতীকে ইকরামুল হক টিটু ১ লাখ ৩৯ হাজার ৬০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ।

শনিবার (৯ মার্চ) রাত পৌনে ১১টার দিকে নগরীর টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী বেসরকারিভাবে তাকে নির্বাচিত ঘোষণা করেন। এতে টানা দ্বিতীয়বারের মতো জয়ের মুকুট পরলেন টিটু।

নগরীর ৩৩টির ওয়ার্ডে ১২৮টি কেন্দ্রের ঘোষিত ফল অনুযায়ী টেবিল ঘড়ি প্রতীকে ইকরামুল হক টিটু পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬০৪ ভোট। তার বিপরীতে হাতি প্রতীকের প্রার্থী সাদেকুল হক খান মিল্কী টজু ৩৫ হাজার ৭৬৩ ভোট, ঘোড়া প্রতীকে এহতেশামুল আলম ১০ হাজার ৭৭৩, হরিণ প্রতীকের প্রার্থী রেজাউল হক পেয়েছেন ১ হাজার ১৪৮৭ ভোট এবং লাঙ্গল প্রতীকে শহীদুল ইসলাম স্বপন ১ হাজার ৩২১ ভোট পেয়েছেন।

এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর ৩৩টি ওয়ার্ডে ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। ভোটাররা তাদের নগরপিতা ও কাউন্সিলর প্রার্থীকে বেছে নিতে ভোট দেন। দেশের দ্বাদশ সিটি কর্পোরেশনের দ্বিতীয়বারের মতো এই নির্বাচনকে ঘিরে সৃষ্টি হয় উৎসবের আমেজ।

সরেজমিনে ঘুরে দেখা যায়, শুরুর দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটারের সংখ্যা। প্রায় প্রতিটি কেন্দ্রেই পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নগরীর কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোটকেন্দ্রের বাইরে ভোটারসহ সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা গেছো। তাদের উপস্থিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছে। মূলত মেয়র পদে নির্বাচন ঘিরেই তাদের মাঝে বাড়তি উৎসাহ যোগ করছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা