জেনেরিক ওষুধ উৎপাদনের নতুন ইউনিট স্থাপন করবে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি। বৃহস্পতিবার (০৭ মার্চ) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৩৫তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, জিএমপি শর্ত মেনে ৫ তলা বিশিষ্ট এই কারখানা নির্মাণে খরচ ধরা হয়েছে ১৪৫ কোটি ২ লাখ টাকা। এই ব্যয়ের একটি অংশ আইপিওর মাধ্যমে সংগৃহীত তহবিলের অব্যবহৃত অর্থ এবং বাকীটা কোম্পানির নিজস্ব উৎস ও বাইরের উৎস থেকে মেটানো হবে।
এদিকে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে আইপিও থেকে উত্তোলিত অর্থ থেকে ১৩ কোটি ১২ লাখ টাকা বিনিয়োগকারীদের অনুমোদনের ভিত্তিতে এই উৎপাদন কেন্দ্র নির্মানে ব্যবহার করবে। যা এসভিপিও সুবিধা সম্পন্ন অধুনিকরণ এবং সম্প্রসারণের জন্য বরাদ্দ দেয়া হয়েছিলো। বিষয়টি অনুমোদনের জন্য আগামী ২ মে কোম্পানিটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। ইজিএমের সময় এবং স্থান কোম্পানিটির পক্ষ থেকে পরবর্তিতে জানানো হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ এপ্রিল।