মুসলিম দেশগুলোকে তাদের মধ্যে ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে ইউরোপীয় ইউনিয়নের ইউরোর মতো একটি সাধারণ মুদ্রা চালু করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
মঙ্গলবার (৫ মার্চ) প্রধানমন্ত্রী গণভবনে তুরস্কের বাণিজ্য উপমন্ত্রী মোস্তফা টিজকুর নেতৃত্বে ডি-৮ বাণিজ্যমন্ত্রীদের একটি প্রতিনিধিদল তার সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের মধ্যে ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে আমরা যদি ইউরোপীয় ইউনিয়নের অনুসরণে একটি সাধারণ মুদ্রা চালু করতে পারি তাহলে খুব ভালো হবে।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের আটটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশকে নিয়ে এই ডি-৮ গঠন করা হয়েছে। এসব দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর পাশাপাশি ও জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে বন্ধুত্বের উন্নতি ঘটানো।
তিনি বলেন, সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন এবং আর্থ-সামাজিক উন্নয়নই আমার লক্ষ্য। এটা তখনই সম্ভব যখন আমরা আমাদের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়াতে পারব।
তিনি আরও বলেন, ডি-৮ সদস্য দেশগুলোর এটি অর্জনের যথেষ্ট সুযোগ রয়েছে। আমরা যদি আমাদের মধ্যে বাণিজ্য বাড়াতে পারি তাহলে আমাদের অন্যের ওপর নির্ভরশীল হতে হবে না।
সরকারপ্রধান বলেন, ডি-৮-এর উচিত ব্যবসা-বাণিজ্যে পরিবারের মতো একসঙ্গে কাজ করার পাশাপাশি নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য একে অপরকে প্রযুক্তিগত সহায়তা দেওয়া। বৈঠকের মূল এজেন্ডা ছিল ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) বাস্তবায়ন এবং এর কার্যকারিতার ক্ষেত্রগুলো প্রসারিত করা। ডি-৮ দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বাণিজ্য জোরদারে সম্মত হওয়ায় ঢাকা ঘোষণাপত্র গৃহীত হয়।