প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এমডিদের স্বাক্ষাতকার গ্রহণে বাংলাদেশ ব্যাংকের কমিটি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ মার্চ, ২০২৪

বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের পূর্বে সাক্ষাতকার গ্রহণে চার সদস্যর বিশেষ কমিটি গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (৩ মার্চ) বাংলাদেশ ব্যাংক থেকে এসংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

তথ্য অনুযায়ী, বর্তমানে এই কমিটির প্রধান বা সভাপতি হবেন ডেপুটি গভর্নর (ডিজি) নুরুন নাহার। আর সদস্য হবেন নির্বাহী পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন, নির্বাহী পরিচালক নুরল আমীন ও পরিচালক হারুন অর রশীদ।

সার্কুলারে বলা হয়, ব্যাংক ব্যবস্থাপনায় অধিকতর সুশাসন নিশ্চিত করা এবং আমানতকারীগণের স্বার্থ রক্ষার্থে কোনো ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তার নিয়োগ বা পুনঃনিয়োগে সংশ্লিষ্ট ব্যাংকের সার্বিক অবস্থা ও বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণপূর্বক ঋণ শৃঙ্খলা উন্নতি, উৎকর্ষতা, প্রযুক্তি, উদ্ভাবন সর্বোপরি আমানতকারীদের আস্থা এবং গ্রাহক সেবা বৃদ্ধিতে তার(নিয়োগ প্রত্যাশী) কর্মপরিকল্পনার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অবহিত হওয়া আবশ্যক।

এই কমিটি গঠনের অন্যতম কাজ হবে, ব্যাংক মনোনীত ব্যক্তির যোগ্যতা, উপযুক্ততা, দায়িত্বের প্রতি অঙ্গীকার, অভিজ্ঞতা, বয়স ও নেতৃত্বের গুণাবলীর বিষয়াদি যাচাই করা।

কমিটির সদস্য কারা হবেন তা নির্ধারণ করে দিয়ে কেন্দ্রীয় ব্যাংক বলছে, কমিটির সভাপতি হবেন ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের দায়িত্বে থাকা ডেপুটি গভর্নর(ডিজি), ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের দায়িত্বে থাকা নির্বাহী পরিচালক এবং ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের(ডিওএস) দায়িত্বে থাকা নির্বাহী পরিচালক এবং সদস্য সচিব হিসেবে থাকবেন ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের ডিভিশন-২ এর পরিচালক।

সময়ে সময়ে বাংলাদেশ ব্যাংকের বিভাগগুলোর দায়িত্ব পরিবর্তন করে থাকেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়ে থাকে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালক পর্ষদ। কারা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হতে পারবেন না, তা ব্যাংক কোম্পানি আইনেই বলা আছে। এসব শর্ত যথাযথ মানা হচ্ছে কি-না, তা দেখতে ব্যবস্থাপনা পরিচালকের নিয়োগ চূড়ান্ত করতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হয়।

আমানতকারীদের স্বার্থ সংশ্লিষ্ঠ হওয়ায় আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংক তা যাচাই-বাছাই করে অনুমোদন দিয়ে থাকে। এই চর্চার মধ্যে দিয়ে যেতে বাংলাদেশ ব্যাংক একটি ‘ফিটটেস্ট (যোগ্যতা যাচাই)’ প্রক্রিয়া অনুসরণ করে।

এতোদিন তা শুধু কাগুজে প্রমাণাদির মধ্যে দিয়ে গেলেও ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে ব্যাংকের পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিস্তারিত নীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। সেখানে বলা হয়, বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিতে কেন্দ্রীয় ব্যাংক একটি কমিটি গঠন করবে।

কমিটি গঠনের বিষয়ে বাংলাদেশ ব্যাংক বলছে, ‘‘ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ১৫(৪) ধারায় বর্ণিত বিধানে বিশেষায়িত ব্যাংক ব্যতীত অন্য যে কোনো ব্যাংক-কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিযুক্তি বা পুনঃনিযুক্তিতে অনুমোদন প্রদানে বাংলাদেশ ব্যাংককে ক্ষমতা প্রদান করা হয়েছে।’’ সেই ক্ষমতার আলোকে কমিটি গঠন করে এর কর্মপরিধিও ঠিক করে দিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা