প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

যৌন হয়রানির অভিযোগে ভিকারুননিসা শিক্ষক মুরাদ গ্রেপ্তার

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৪

ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে দায়ের হওয়া মামলায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার গণিতের শিক্ষক মুরাদ হোসেন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে রাজধানীর কলাবাগানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, সন্ধ্যায় এক তরুণীর করা নারী নির্যাতন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে।

এর আগে, সোমবার রাতে কলেজের পরিচালনা কমিটির জরুরি সভায় শিক্ষক মুরাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়।

গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে আজিমপুর ক্যাম্পাসের দিবা শাখার জ্যেষ্ঠ শিক্ষক মুরাদ হোসেন সরকারকে প্রত্যাহার করে অধ্যক্ষের কার্যালয়ে সংযুক্ত করে কলেজ কর্তৃপক্ষ।

এরই মধ্যে মুরাদ হোসেন সরকারের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগের ঘটনায় গঠিত হয় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। এই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।

মুরাদ হোসেন সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার (২৫ ডিসেম্বর) ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর ক্যাম্পাসের ফটকে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরীর আশ্বাসে বিকেল ৩টার দিকে আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা। বিকেলে একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন কয়েকজন অভিভাবক।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা