প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মুক্তির রজনি শবে বরাত রবিবার দিবাগত রাত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৪

আগামীকাল তথা রবিবার (২৫ ফেব্রুযারি) দিবাগত রাতে শবে বরাত পালিত হবে। এটা মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব। এই রাতে মুসলমানগণ সারারাত ইবাদত বন্দেগি, জিকির-আজকার করে সময় কাটান। এই রাতকে ভাগ্য রজনি হিসেবেও অভিহিত করা হয়।  

 শবে বরাত একটি ফজিলতপূর্ণ রাত। শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে শবে বরাত বলা হয়।হাদিস ভাষায় একে ‘নিসফি মিন শাবান’ বা শাবান মাসের মধ্যরাত বলা হয়েছে। 

শবে বরাত শব্দটি ফারসি। শব মানে রাত, বরাত মানে মুক্তি; শবে বরাত অর্থ মুক্তির রজনী।

শবে বরাতের ফজিলত

হাদিসে এই রাতের বিশেষ ফজিলত বর্ণনা করা হয়েছে। হজরত আবু সালাবা  রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত, যখন অর্ধ শাবানের রাত আসে, তখন আল্লাহ তায়ালা মাখলুকাতের প্রতি রহমতের দৃষ্টিতে তাকান; মুমিনদের ক্ষমা করে দেন, কাফিরদের ফিরে আসার সুযোগ দেন এবং হিংসুকদের হিংসা পরিত্যাগ ছাড়া ক্ষমা করেন না। (কিতাবুস সুন্নাহ, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা: ৩৮২)।

আরেক হাদিসে হজরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তায়ালা অর্ধ শাবানের রাতে মাখলুকাতের দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া আর সবাইকে ক্ষমা করে দেন। (সহিহ ইবনে হিব্বান, হাদিস, ৫৬৬৫)।

শবে বরাতে যেসব কাজ করবেন না

এই রাত ফজিলতপূর্ণ এবং ইবাদতের। তবে এ রাতকে ঘিরে আমাদের সমাজে ইবাদত মনে করে বেশ কিছু কাজের প্রচলন রয়েছে ইসলামি শরিয়তে যার কোনো ভিত্তি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেয়ি, তাবে-তাবেয়িদের যুগে যেসব আমলের কোনো অস্তিত্ব ছিল না। শবে বরাতে পরিহারযোগ্য- এমন কিছু কাজের তালিকা তুলে ধরা হলো-

>> আতশবাজি,পটকা ফোটানো যাবে না।

>> নফল ইবাদত-বন্দেগি বাদ দিয়ে অযথা ঘোরাফেরা করা যাবে না।

>> গর্হিত ও অশ্লীল কোনো কাজ করা যাবে না।

>> অন্য কারও ইবাদতের বিঘ্ন ঘটানো যাবে না

>> শিরকে লিপ্ত হওয়া থেকে বিরত থাকা।

>> হিংসাত্মক কাজ না করা।

>> আল্লাহর নাফরমানীমূলক কাজ না করা।

>> এ রাতে মৃত ব্যক্তির আত্মা তার গৃহে ফিরে আসে এমন ধারণা পোষণ না করা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা