প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ট্রাফিক ব্যবস্থাপনা লাইটিং পদ্ধতিতে ফিরে যাবে

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৪

রাজধানীতে ট্রাফিক ব্যবস্থাপনা আবার আগের সিস্টেমে তথা লাইটিং পদ্ধতিতে ফিরে যাবে। হাতের ইশারায় টাফিক নিয়ন্ত্রণ করায় জট নিয়ন্ত্রণ ক্যালকুলেটিভ হচ্ছে না এবং মানুষজন দীর্ঘক্ষণ একই সিগন্যালে বসে থাকছে বলে অভিযোগ রয়েছে। আজ এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, ট্রাফিক লাইট সিস্টেম ভালোভাবে চালু করার জন্য নির্দেশ দিয়েছি। 

জার্মানি সফরের বিষয়ে আজ (শুক্রবার) সংবাদ সম্মেলনে এ কথা জানান শেখ হাসিনা। ১৬-১৮ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত হয় ৬০তম মিউনিখ সিকিউরিটি কনফারেন্স। সে বিষয়েই আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, আমি গতকাল আইজিপির সঙ্গে কথা বলেছি ট্রাফিক লাইটগুলোকে সচল করে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার জন্য। আগে অতিরিক্ত চাপ ছিল, এখন সেই চাপ নাই। আমরা যদি ট্রাফিক লাইট পদ্ধতিতে চলে যাই, সময় কম কম করে যদি বারবার ছেড়ে দেই, মানুষ একটু যদি চলমান থাকে, যতক্ষণই লাগুক অনেকক্ষণ বসে আছি সেই অনুভূতিটা হবে না। সেভাবেই আইজিপির সঙ্গে কথা হয়েছে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে বলে দিয়েছি।

তিনি আরও বলেন, মেট্রোরেল ও এক্সপ্রেসওয়ে হওয়াতে যানজট অনেকটা কমেছে। এখনও কিছু কিছু এলাকায় আছে। এক্সপ্রেসওয়ে এখন ফার্মগেট পর্যন্ত করা হয়েছে। আরও পাঁচটা মেট্রোরেল ঢাকাজুড়ে হবে। সেভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা