প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

উর্দুভাষীদের জীবন মান উন্নয়নে বাজেটে বরাদ্দ দেওয়াসহ ৬ দাবিতে মানববন্ধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৪

গাজী মহিনউদ্দিন:

বাংলাদেশ বসবাস করা পাকিস্তানি বংশোদ্ভুত উর্দুভাষী জনগোষ্ঠীর জীবন মানোন্নয়নে বাজেট বরাদ্ধসহ ৬ দফা দাবীতে মানববন্ধন করেছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ সব দাবি জানানো হয়।

আগামী ২০২৪-২৫ সালের জাতীয় বাজেটে ঢাকাসহ দেশের ১১৬টি ক্যাম্পে বসবাসরত উর্দুভাষীদের জীবন মান-উন্নয়ন, কল্যাণ ও পুনর্বাসন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করাসহ ৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ উর্দুভাষী অধিকার আন্দোলন নামের একটি সংগঠন।

মানববন্ধনের সহযোগিতায় ছিল মোহাজির রিহ্যাবিলিটেশন এন্ড ডেভেলপমেন্ট মুভমেন্ট (এম.আর.ডি.এম) জোন-এ ও জোন-বি জেনেভা ক্যাম্প মোহাম্মদপুর।

বাংলাদেশ উর্দুভাষী অধিকার আন্দোলনের আহ্বায়ক অসি আহমেদ অসি বলেন, বাংলাদেশ উর্দুভাষী অধিকার আন্দোলন সম্পূর্ণ একটি অরাজনৈতিক ও অ-মুনাফা ভোগী প্রতিষ্ঠান। ২০০৮ সালে হাইকোর্টের রায় অনুযায়ী বাংলাদেশে ১১৬টি ক্যাম্পে বসবাসরত উর্দুভাষী জনগোষ্ঠী বাংলাদেশের নাগরিক। উর্দুভাষী জনগোষ্ঠীর তরুণ প্রজন্ম এদেশের আলো বাতাসের সাথে মিশে বড় হয়েছে। নিজেদেরকে এ দেশের নাগরিক হিসেবে মনে করেন।

তিনি বলেন, উর্দুভাষী জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে ও আবাসন ব্যবস্থার সংকট সমাধানের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী পুনর্বাসনের ব্যবস্থার কথা বলেছেন। প্রধানমন্ত্রীর এমন পদক্ষেপের জন্য তাঁকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বিষয়ে কোন কার্যকরী পদক্ষেপ এখনো নিতে পারেনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন থাকবে আগামী বাজেটে উর্দুভাষীদের জীবন মান উন্নয়নে ও আবাসন ব্যবস্থার সংকট সমাধানে অন্তর্ভুক্ত করার মাধ্যমে গ্রহণ করবেন। সুষ্ঠভাবে কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে সহযোগিতা ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ প্রদান করবেন।

উর্দুভাষী জনগোষ্ঠীর ৬ দফা দাবি গুলো হল:

১) ২০২৪-২৫ সালের জাতীয় বাজেটে উর্দুভাষীদের মান-উন্নয়ন, কল্যাণ ও ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৬টি ক্যাম্পে বসবাসরত যে যেখানে আছে সেখানে নিরাপত্তাসহ পুনর্বাসন প্রক্রিয়া অর্ন্তভুক্ত করা।

২) ১৯৯৫ সালে তৎকালীন সরকার যে সকল মোহাজীরদের বাসস্থান ক্যাম্পকে প্লট করে বরাদ্দ দিয়েছেন, সেই সকল প্লট বরাদ্দের আদেশ বাতিল করে নতুন করে মোহাজীরদেরকে বরাদ্দ দেওয়ার দাবি জানাই।

৩) পুনর্বাসনের ধরণ হবে প্রতিটি পরিবারকে কমপক্ষে ৩ শতক জমি এবং ২ কক্ষ বিশিষ্ট টিন শেডের বাড়ি নির্মাণ করে প্রতি পরিবারের নামে বরাদ্দ দিতে হবে।

৪) যে স্থানে উর্দুভাষী ক্যাম্পবাসীদের পুনর্বাসন করা হবে সেই স্থানে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদরাসা, খেলার মাঠ এবং কমিউনিটি ক্লিনিকের মত মানবিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৫) পুনর্বাসন না হওয়া পর্যন্ত ক্যাম্পসমূহের বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন না করার এবং অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীদের সংযোগ বিচ্ছিন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্যে সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষকে আদেশ-নির্দেশ দেওয়া হোক।

৬) আদমজী নগর ক্যাম্প, চট্টগ্রামের ঝাউতলা ক্যাম্প, মিরপুর সেকশন ১০, ১১ ও ১২, সৈয়দপুরের দুর্গাবিল ক্যাম্পসহ ঝুঁকিতে থাকা সকল ক্যাম্পবাসীকে ভূমি দস্যুদের হাত থেকে পুর্নবাসন না হওয়া পর্যন্ত, রক্ষা করার জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ উদ্যোগ গ্রহণের জন্যে আদেশ-নির্দেশ প্রদান করতে হবে।

এসময় মানববন্ধনে বাংলাদেশ উর্দুভাষী অধিকার আন্দোলনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা