প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

‘আমার শাস্তি চাই’ কারচুপিতে যুক্ত থাকার কথা স্বীকার করে পাকিস্তানের নির্বাচনী কর্মকর্তা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৪

“এ সব অসঙ্গতির জন্য আমি দায় স্বীকার করছি এবং জানাচ্ছি, প্রধান নির্বাচন কমিশনার এবং প্রধান বিচারপতিও এই কারচুপিতে জড়িত ছিলেন। দেশকে পেছন থেকে ছুরি মারার পর আমি ঘুমাতে পারছি না। এই অবিচারের জন্য আমার শাস্তি হওয়া উচিত। এছাড়া অন্য যারা এ অবিচারের সঙ্গে জড়িত ছিল তাদেরও শাস্তি দিতে হবে।” শনিবার (১৭ ফেব্রুয়ারি) সাংবাদিক সম্মেলন ডেকে এসব কথা বলে পদত্যাগ করেন পাকিস্তানের নির্বাচনী কর্মকর্তা লিয়াকত আলী চাট্টা। তিনি বলেন, “যেসব প্রার্থী হারছিলেন তাদের জিতিয়ে দেওয়া হয়েছে।”

তিনি জানিয়েছেন, অব্যাহত মানসিক চাপের কারণে তিনি আত্মহত্যার কথাও ভেবেছিলেন। কিন্তু অনৈসলামিক উপায়ে মরতে চান না এবং সবাইকে বিষয়টি জানাবেন এটি ভেবে আত্মহত্যার চিন্তা বাদ দিয়েছেন।

লিয়াকত আলী চাট্টা রাওয়ালপিন্ডির সাবেক কমিশনার ছিলেন।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দাবি করে আসছে, নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। এরমধ্যেই দেশটির এক উচ্চপদস্থ কর্মকর্তা পদত্যাগ করলেন।

 এদিকে লিয়াকত আলী চাট্টার এমন দাবির পর পাকিস্তানের নির্বাচন কমিশন একটি বিবৃতি দিয়েছে। এতে তারা দাবি করেছে, লিয়াকত আলী নির্বাচন সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা নন এবং তার কাছে নির্বাচনের বড় কোনো দায়িত্বও ছিল না।

সূত্র: পিটিআই

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা